ঘরের মাঠে চলছে ইংল্যান্ড সিরিজ। আগামী ১৪ মার্চ শেষ হবে হবে ইংলিশদের বাংলাদেশ সফর। পরদিনই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ। সেই লিগে এবারও তারকাখচিত দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারও তারা দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। তবে শঙ্কা থেকেই যায়, সাকিবকে পাবে তো মোহামেডান!
ইংল্যান্ড সিরিজ শেষেই বাংলাদেশ ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল। ৪ এপ্রিল শুরু হয়ে সাদা পোশাকের ম্যাচটি শেষ হবে ৮ এপ্রিল। তারপর আইপিএল তো রয়েছেই। তাই সাকিবকে ডিপিএলে দেখতে পাওয়া নিয়ে সংশয় থেকে যায়।
এত ব্যস্ততার ভিড়ে সাকিবকে প্রিমিয়ার লিগে দেখা যাবে কি না, এ ব্যাপারে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি নিজে কোনো উত্তর দেননি। তবে মোহামেডানের আশা, প্রিমিয়ার লিগের সুপার লিগে সাকিবকে পাওয়া যাবে। আজ সিসিডিএম কার্যালয়ে মোহামেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম সাংবাদিকদের নিজেদের আশার কথা জানিয়ে বলেন, ‘সাকিবের ব্যস্ততা আছে ঠিকই। যেহেতু ঈদের পর সুপার লিগ হবে, আশা করছি, তাকে আমরা সুপার লিগে পাব।’
ডিপিএলের গত আসরে তারকায় ঠাসা এক দল গড়েছিল মোহামেডান। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের নিয়ে তারা বড় দল গড়ে। কিন্তু জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে ব্যস্ত ছিলেন সবাই। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রিয়াদ ফিরে আসেন সাদা বলের সিরিজ শেষেই। তবে মুশফিক ও সাকিব থেকে যান টেস্টের জন্য। কিউই সফর শেষে তারা যখন দেশে ফিরেন ততদিনে মোহামেডানের বিদায় নিশ্চিত হয়। সুপার লিগে খেলার সব পথ বন্ধ হয়ে যায়।
পরে সাকিবকে দলে ভেড়ায় লিজেন্ডজ অব রূপগঞ্জ। সেখানে খেললেও চুক্তি অনুযায়ী মোহামেডানকে টাকা ঠিকই দিতে হয়েছিল তাকে। কারণ মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। যে কারণে সব টাকাই পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এছাড়া দেশের ঐতিহ্যবাহি ক্লাবটিতে সেবার নাম লেখানো আরেক ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দেশে ফিরে তিনি পরে পাড়ি জমিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। সুপার লিগের সব ম্যাচেও তিনি অংশ নিয়েছিলেন। শেষ পর্যন্ত মি. ডিপেন্ডেবলের দলই শিরোপা জিতেছিল।
