ইউপি সদস্যসহ ৫ জনকে কুপিয়ে আহত

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্র নিয়ে এক সাবেক ইউপি সদস্যর অফিসে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় মহিলাসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

শুক্রবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভুলতা ইউনিয়ন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়া, ও তার বড় ভাই মুকবুল হোসেন, বোন পারভীন বেগম ও তার ছেলে কালাম এবং প্রতিবেশি বাদল মিয়া। এ ঘটনায় সাইফুল ইসলামের ভাতিজা মুরাদ হোসেন ভুইয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মুরাদ জানান, তার চাচা সাইফুল ইসলামের সাথে ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার শামীম ওসমান রাজুর সাথে। এরই জের ধরে রাজুর নেতৃত্বে রামদা, চাপাতি সহ ধারালো অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য মেহেদী, বায়েজিদ, ওমর ফারুক, রবিউল, আ.রবসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের একদল তার চাচার বাড়ির সামনের অফিসে অতর্কিত হামলা চালায়।

তিনি জানান, এ সময় আহতদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন

তবে, এ ব্যাপারে অভিযুক্ত শামীম ওসমান রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত