এক দশক আগে মুক্তি পাওয়া কলকাতার সিনেমা ‘প্রলয়’ এর সিক্যুয়াল তৈরি হচ্ছে। ওয়েব সিরিজ আকারে এই সিরিজটি নির্মাণ করছেন রাজ চক্রবর্তী। সিরিজটির নাম ‘আবার প্রলয়’। সিরিজটিতে পর্দার থাকার পাশাপাশি এর আইটেম গানে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
সিক্যুয়ালটি নির্মিত হবে সুন্দরবনের নারীপাচার চক্র নিয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে এর শুটিং শুরু হবে। এতে
মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তার চরিত্রের নাম অনিমেষ দত্ত।
সিরিজটির শুটিং শুরু না হলেও একাধিক ভারতীয় সূত্র বলছে, ইতোমধ্যে নুসরাত ফারিয়া আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন। এর কোরিওগ্রাফার হিসেবে রয়েছেন বাবা যাদব।
জানা গেছে, সিরিজটি নির্মিত হচ্ছে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে। তবে এর প্রযোজক নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সিরিজটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। ছবিতে আরও দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, সায়নী ঘোষ, সোহিনী সেনগুপ্ত, গৌরব চট্টোপাধ্যায়, জুন মালিয়ার মতো শিল্পীদের।
