বিকট শব্দে ভয়াবহ ধস

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০১:৪৬ এএম

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শিরিন ম্যানশন নামের একটি বাণিজ্যিক ভবনের তিনতলায় ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তারা ওই তলায় অবস্থিত নিউ জেনারেশন কোম্পানি লিমিটেডের কর্মী। ভবনের একটি অংশ ধসে ছিটকে পড়ে দুপাশের সড়কে।

বিস্ফোরণে পথচারীসহ আহত হয়েছেন অর্ধশত ব্যক্তি। এর মধ্যে অন্তত পঁচাজন দগ্ধ হয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৬ জনকে। তাদের মধ্যে দুজন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গতকাল রবিবার সকাল ১০টা ৫২ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় ভবনটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর তাৎক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ছুটে যান। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল। বিস্ফোরণের ঘটনা নাশকতা নয় বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার।

আগের দিনই চট্টগ্রামের সীতাকুন্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ছয়জন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কয়েকজন।

গতকাল সায়েন্স ল্যাব এলাকায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটির চারদিকে ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে দুপাশের সড়কে। ধসে পড়ে ভবনের তিনতলার দেয়ালের ইট-বালু ও আসবাবপত্র। কিছু সময় পর দেখা যায় কয়েকজন ভবনের সামনের সড়কের ওপর অচেতন হয়ে পড়ে আছেন। ভবনটির দুই পাশ দিয়ে থাকা সড়কের অনেক পথচারীও আহত হন।

ঘটনার সময় ভবনটির নিচে ছিলেন রিকশাচালক জিয়া রহমান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমি রিকশা নিয়ে দাঁড়ায় ছিলাম। হঠাৎ এমন একটা বেকট (বিকট) শব্দ হলো, এরপর চারিদিক ধুলায় ভরে গেল। আমি রিকশা ফেলায় দিছি দৌড়। বাইচা গেছি।’

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া দেশ রূপান্তরকে বলেন, বিস্ফোরণে আহতদের তাৎক্ষণিক ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। নিহত তিনজন হলেন নিউ জেনারেশন কোম্পানির কম্পিউটার অপারেটর শফিকুজ্জামান শফিক (৪৫) ও তুষার, অফিস সহকারী আবদুল মান্নান (৬৫)।

আহতদের অনেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ধানম-ির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। সবশেষ তথ্য অনুযায়ী, গুরুতর আহত ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আয়েশা আক্তার আশা, হাফিজুর রহমান, জহুর আলী, সৈয়দ আকবর আলী ও সৈয়দ আশরাফুজ্জামান।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, পাঁচজনকে এখানে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা খুবই গুরুতর। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরনবী, তাজুদ্দিন, মেহেদী হাসান, জাকির হোসেন জুয়েল, কামাল, কবীর হোসেন, রাবেয়া খাতুন, তামান্না ও অজ্ঞাতনামা একজন।

গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি মোড়ের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশেই শিরিন ম্যানশন নামের তিনতলা বাণিজ্যিক ভবন। ভবনটি পুরাতন ও জরাজীর্ণ। বিস্ফোরণ হওয়া তৃতীয়তলায় ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এবং নিউ জেনারেশন কোম্পানি অফিস। দোতলায় রয়েছে সেলুন, লন্ড্রি আর নিচতলায় খাবারের হোটেল, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাকের দোকান, হস্তশিল্প ও তাঁতজাত পণ্যের বিপণিবিতান। ভবনটির তিনতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়ালের ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তা ও আশপাশের এলাকায় পড়েছে। আশপাশের দোকানিরা জানান, ভবনটির নিচে বেশ কয়েকজন হকার ছিল। তারাও আহত হয়েছে।

পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পর আহতদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। তারা সবাই দগ্ধ ছিলেন বলে জানান জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা। এ ছাড়া তিনজন এখনো চিকিৎসাধীন। তারা হলেন মো. হান্নান, মাহাবুবুন্নবী ও স্বপ্না রানী সাহা।

হাসপাতালটির জরুরি বিভাগের ইনচার্জ মো. কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ৩৫ থেকে ৪০ জনকে চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে আইসিইউতে রাখা হয়েছে এবং একজনকে এইচডিওতে রাখা হয়েছে। তাদের শরীর ও মাথা আঘাতে থেঁতলে গেছে।’

হাসপাতালে স্বজনদের আহাজারি : গতকাল দুপুরে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকতেই দেখা যায় স্বজনদের আহাজারি। মৃত্যুর সংবাদ শুনে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা। নিহত শফিকুজ্জামান শফিকের স্বজনরা জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন সাভারের গেন্ডারিয়ায়। তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর থানার ধুলদি লক্ষ্মীপুরে। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্ত্রী পপি জামান। তার কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা।

নিহত আবদুল মান্নান গত ২২ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন বলে স্বজনরা জানান। তার ছেলে মোসাদ্দেক হোসেন আশিক জানান, পুরান ঢাকার চকবাজার থানা এলাকার ইয়াসিন ব্যাপারীর গলিতে তাদের বাসা। সকাল সাড়ে ৮টার দিকে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন মান্নান। পরে মৃত্যুর খবর পান তারা। তিনি বলেন, টিবি রোগে আক্রান্ত হয়ে ১৮ দিন আগে তার বোন মনিরা মারা গেছেন। সেই শোক না কাটতেই বাবার মৃত্যুতে মুষড়ে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা। নিহত আরেকজন তুষারের বাড়ি নরসিংদী।

বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে সিটিটিসির বক্তব্য : ঘটনার পর সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সিবিআরএন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গ্যাস ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। সাধারণত কোনো ঘরে বা আবদ্ধ স্থানে যদি কোনোভাবে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ঘনত্বে গ্যাসের অবস্থান থাকে, সে ক্ষেত্রে যেকোনো ইগনিশন সোর্সের (বৈদ্যুতিক সুইচ, শর্টসার্কিট, দেশলাই, লাইটার) মাধ্যমে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থল বিশ্লেষণে প্রাথমিকভাবে বিস্ফোরণের সূত্রপাত ভবনের তিনতলার ফিনিক্স ইনসিওরেন্স লিমিটেডের অফিস থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিটিটিসির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কোনোরূপ বিস্ফোরকের উপস্থিতি ছিল না বলে নিশ্চিত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ও ব্যাপকতা পর্যালোচনায় গ্যাস থেকে বিস্ফোরণ বলে সিটিটিসির বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে মতামত দিয়েছেন।

ঘটনাস্থলে আসা সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলের নেতৃত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রহমতউল্লাহ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকার ভবনগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, সেখানে যেকোনো কারণে গ্যাস তৈরি হতে পারে। আমরা ধারণা করছি জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে, কারণ এত বড় বিস্ফোরণ গ্যাস থেকেই সম্ভব। তবে এসির গ্যাস থেকে এমন বিস্ফোরণ হয় না। স্যুয়ারেজের লাইন বা অন্য কোনো কারণে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে।’ নাশকতার কোনো আলামত এখনো মেলেনি বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের পর একই দাবি করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ভবনে বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নয়, এটি একটি দুর্ঘটনা। বিস্ফোরণের ঘটনাটি বিভিন্ন কারণে ঘটতে পারে। সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’ তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনা তদন্তে আমরা একটা কমিটি করব। তদন্ত কমিটি ফায়ার সার্ভিস এবং ঘটনাস্থলে কাজ করা এক্সপার্টদের মতামত নেবে। পরে তারা একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে।’

নিউ জেনারেশন কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান দেশ রূপান্তরকে জানান, লিরা ব্র্যান্ডের পেনসিল, রাবার, ইরেজার, জ্যামিতি বক্স, ফাইল, স্ট্যাপলারসহ এ জাতীয় বিভিন্ন পণ্য বিদেশ থেকে আমদানি করে বিক্রি করেন তারা। বিস্ফোরণ হওয়া অফিসটাতে কোনো মালামাল ছিল না।

ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (পাবলিক রিলেশনস) মো. মাহাবুব দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার সময় আমাদের ছয়জন কর্মী অফিসে ছিল বলে জানতে পেরেছি। তারা সবাই আহত হয়েছেন। অফিসে দুই টন করে চার টনের দুটি এসি ছাড়া আর কিছুই নেই। কোনো গ্যাস সিলিন্ডার বা দাহ্য পদার্থ ছিল বলে আমার জানা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত