চট্টগ্রামের বিমানবন্দর রোডে মেঘনা অয়েলের সামনে তেলের ওয়াগন বহনকারী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের দুই যাত্রী ও এক রেলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন বাসের ৫/৬ জন যাত্রী।
আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন রেলওয়ের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (৩০) এবং বাস যাত্রী আসাদুজ্জামান(৩০) ও মিটন কান্তি দে (২৫)। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আনোয়ার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তেলের ওয়াগন বহনকারী ট্রেনটি মেঘনা পেট্রোলিয়াম কারখানার সামনে পৌঁছালে বিমানবন্দরের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসকে সিগন্যাল দেন পয়েন্টসম্যান আজিজুল। কিন্তু সিগন্যাল না মানায় দ্রুতগামী বাসটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এ সময় বাসটি উল্টে গেলে হতাহতের ওই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
