কথা ছিল শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে অনন্য মামুন পরিচালিত নতুন চলচ্চিত্র ‘রেডিও’। কিন্তু শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে নয়, শুরুতে টেলিভিশনে বিশ্ব প্রিমিয়ার করা হয়েছে এই চলচ্চিত্রের। গত মঙ্গলবার চ্যানেল আইয়ে ‘রেডিও’ চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ার হয়েছে। শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘রেডিও’। শুটিং, ডাবিং, এডিটিং শেষে ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই মুক্তির তোড়জোড় শুরু হয়। এর আগে মুক্তির উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু পরে তা আর বাস্তবায়িত হয়নি। এদিকে চ্যানেল আইয়ে বিশ্ব প্রিমিয়ারের আগে গত সোমবার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ‘রেডিও’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অনন্য মামুন জানান, চ্যানেল আইয়ে পর্দায় প্রচারের পর সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ছবিটি। ‘রেডিও’ চলচ্চিত্রের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এর প্রযোজক মোজাম্মেল হোসেন চৌধুরী, অভিনয়শিল্পী রিয়াজ, নাদের চৌধুরী, এলিনা শাম্মীসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ফিল্ম ক্লাবের সভাপতি কামাল কিবরিয়া লিপু প্রমুখ। ‘রেডিও’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। তিনি বলেন, ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকব। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে, কোনো রকম শর্ত ছাড়াই আমি রাজি হই।’
×
