মেসি নয়, রোনালদো আমাদের বেশি ভুগিয়েছে: মুলার

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১১:২১ পিএম

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস, আশরাফ হাকিমিদের নিয়ে তারকাখচিত দল পিএসজি। সেই দলকে একপ্রকার গুঁড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

শেষ ষোলোর প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল বায়ার্ন। বুধবার রাতে দ্বিতীয় লেগে তুলে নিয়েছে ২-০ গোলের জয়।

বায়ার্নের হয়ে গোল করে ম্যাক্সিম কোপো-মোটিং, যিনি কিনা একটা সময় পিএসজিতেই খেলতেন। অপর গোলটি করেন তরুণ তারকা ন্যাব্রি।

মেসিরা দুই পর্ব মিলিয়ে ১৮০ মিনিটে বায়ার্নের বিপক্ষে একটা গোলও করতে পারেননি। সবশেষ ম্যাচে জয় তুলে নিয়ে তাই মেসিকে খোঁচা দিলেন বায়ার্ন তারকা টমাস মুলার।

এর আগে ২০২০ সালে বার্সেলোনাকে ২-৮ গোলে দুরমুশ করেছিল বায়ার্ন মিউনিখ। সেই সময় বার্সেলোনায় ছিলেন মেসি।

মুলার বলছেন, ‘বিপক্ষ দলে মেসি থাকলে যে কোনো পর্যায়ে ফলাফল সব সময়ে ভালো হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদে ছিল, সেই সময়ে আমাদের সমস্যায় পড়তে হত।’

মুলার আরও বলেন, ‘মেসির বিশ্বকাপের পারফরম্যান্সকে আমি শ্রদ্ধা করি। বিশ্বকাপে মেসির ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত ছিল। একাই গোটা দলকে টেনে নিয়ে গিয়েছিল। পিএসজির ক্ষেত্রে সেই একই পারফরম্যান্স তুলে ধরা কঠিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত