কেজিতে ৯০ টাকা বেশিতে মুরগি বিক্রি হচ্ছে

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০১:১৭ এএম

প্রান্তিক পর্যায়ে খামারগুলোতে ব্রয়লার মুগির মাংস উৎপাদনের খরচ ১৫০-১৬০ টাকা হলেও বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে তা অন্তত আরও ২০ টাকা কম। কিন্তু ভোক্তাপর্যায়ে মুরগির কেজি ২৫০-২৬০ টাকা বিক্রি করা উচিৎ নয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে ‘পাইকারি ও খুচরা পোল্ট্রি ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ভোক্তার মহাপরিচালক বলেন, মুরগির উৎপাদন খরচ যেখানে ১৬৭ টাকা সেখানে মুরগির মূল্য ২৫০ টাকা কেন তা খতিয়ে দেখা হবে খুব দ্রুত। তিনি আরও বলেন, দোকানে অবশ্যই মূল্য তালিকা থাকতে হবে, ক্রয়-বিক্রয় রশিদ থাকতে হবে। এর ব্যত্যয় হলে বাজার কমিটিকে দায়ী করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যৌক্তিক মূল্য নির্ধারণ করে ব্যবসা করবেন তবে তা যেন বাজারকে অস্থিতিশীল না করে।

খামারে মুগির মাংস উৎপাদন নিয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহান বলেন, প্রতিটি ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন খরচ প্রায় ৩৫-৪০ টাকা। যা ৬০ টাকায় বিক্রি করে আগের বছরের লোকসান পুষাচ্ছেন তারা। এ ছাড়া প্রতিকেজি মুরগি ১৪০-১৫০ টাকায় উৎপাদন করে পাইকারিতে ২০০ টাকা বিক্রি করছে তারা। এ কারণে বাজারে মুরগির দাম বেড়েছে বলেও মনে করেন তিনি।

সভায় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বাজারের ডিমান্ড ও সাপ্লাইয়ের ওপর ভিত্তি করে যদি ব্যবসায়ীরা দাম নির্ধারণ করতে চায় সেটা কৃষি বিপণন আইনের ব্যত্যয় হবে। পাইকারি ও খুচরা পর্যায়ে কত লাভ করা যাবে সেটাও নির্ধারণ আছে। সেলস ম্যানেজমেন্ট ঠিক নেই। আমরা আইন অনুযায়ী কাজ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত