গাজীপুরের শ্রীপুরে শিক্ষাসফর থেকে ফেরার পথে বাসে আচমকা আগুন লেগে যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন ছিলেন। গাজীপুর সিটি এলাকার অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাসফরের বাস ছিল এটি। এ সময় বাস থেকে শিক্ষার্থীসহ অন্যরা লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন।
কলেজের পরিচালক মেহেদি হাসান সজিব বলেন, ভালুকার ড্রিম ওয়ার্ল্ড পার্ক থেকে ফিরছিল শিক্ষাসফরের বাসটি। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকলে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা একটি সৌখিন পরিবহন মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে পৌঁছার সঙ্গে সঙ্গে বাসে আগুন লেগে যায়। এ সময় যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। এ সময় অনেকে আহত হলেও কেউ অগ্নিদগ্ধ হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাসে থাকা শিক্ষার্থীরা জানায়, সকালে গাজীপুর মহানগরের ৩৩ নম্বর হারিনাল এলাকার অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক শিক্ষা সফরে যায়। সন্ধ্যায় ফেরার পথে মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ফ্লাইওভারে ওঠার সময় বাসের পেছনে ধোঁয়া ও আগুন দেখতে পায়। এ সময় বাস থেকে সবাই দ্রুত নেমে পড়ে। তবে হুড়োহুড়ির জন্য বেশ কজন আহত হয়েছে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই বাসটিতে দাউ দাউ আগুন জ¦লতে থাকে। অল্পের জন্য বেঁচে যায় বাসের সবাই।
শ্রীপুর ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে পিকনিকের বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিদগ্ধ বা হতাহতের ঘটনা ঘটেনি।
মাওনা হাইওয়ে থানার (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, শিক্ষাসফর থেকে ফেরা বাসে আগুনের ঘটনায় মহাসড়কের দুপাশে যান চলাচল কিছু সময় বন্ধ ছিল। আগুন নেভার পর যান চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের বিভিন্ন পরিবহনে করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।
মুন্সীগঞ্জে বাসে আগুন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত বাসে আগুন ধরে যায়। এতে হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছে। তবে অল্পতে প্রাণে রক্ষা পেয়েছে অন্তত ৫০ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ষোলঘর নতুন বাসস্ট্যান্ড এলাকায় প্রচেষ্টা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান তারা। আধা ঘণ্টার চেষ্টায় তারা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসে আগুন লাগার কারণ এখন নিরূপণ করা যায়নি।
