চরে সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য চারজন ফ্রন্ট লাইনার ফ্রেন্ডশিপকর্মীকে (নারী) ‘ওমেন অব ভেলর’ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিআরইউ এবং সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, দেশের দুর্যোগ, দুর্বিপাকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারীরা। আমাদের দেশে মেয়েদের সামনে আসা এবং এগিয়ে যাওয়ার বিষয়টি সহজ ছিল না। মেয়েদের অধিকার নিশ্চিত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে মহিলাদের সুযোগ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মতিয়া চৌধুরী এ সময় নারী ক্ষমতায়নে সরকারের উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ‘দেশের প্রান্তিক অঞ্চলে নারীশিক্ষায় উন্নয়ন সহযোগী সংস্থার অবদান অনস্বীকার্য’ উল্লেখ করে তিনি বলেন, মানুষ হিসেবে নারীর স্বীকৃতি গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, ‘চরের মেয়েরা যারা ঘরে বসে থাকতেন, শুধু ঘরের কাজে আবদ্ধ থাকতেন, তারা এখন নেতৃত্ব দিচ্ছেন। তারা এখন বিশ্ববিদ্যালয় এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে অবদান রাখছেন। লিঙ্গসমতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই নারী সাংবাদিকদের পাশাপাশি পুরুষ সাংবাদিকদেরও দায়িত্ব নারীদের অধিকার নিশ্চিতে কথা বলা, নারী অধিকার তুলে ধরা।’
সম্মাননাপ্রাপ্তরা হলেন সেভিংস লাইভস ক্যাটাগরিতে গাইবান্ধার খামারজানি চরের মরিয়ম, পোভার্টি এলিভেশন ক্যাটাগরিতে শ্যামনগরের শংকরটির সুফিয়া খাতুন, ক্লাইমেট অ্যাডাপ্টেশন ক্যাটাগরিতে গাইবান্ধার মাদারিপাড়ার শাহিনুর বেগম এবং এমপাওয়ারমেন্ট ক্যাটাগরিতে কুড়িগ্রামের রৌমারীর রহিমা বেগম।
