সুন্দর পৃথিবী গড়তে নারী-পুরুষের বৈষম্য দূর করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, নারীদের জড়তার জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। নারীকে তার যোগ্যতায় নিজের জায়গা করে নিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার চাঁদপুরে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত উদ্যোক্তা মেলা ঘুরে দেখার সময় দীপু মনি এসব কথা বলেন।
চার দিনের এই মেলার আয়োজন করা হয়েছে শহরের রোটারি ভবনে। ১৮টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলা শুরু হয় গত ৮ মার্চ নারী দিবসে।
শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরের মেয়েরা বহুকাল আগে থেকেই শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে ছিল। এখনো দেশ-বিদেশে চাঁদপুরের মেয়েরা তাদের কর্মদীপ্ত আলো ছড়াচ্ছে। গত কয়েক বছরে চাঁদপুরে অসংখ্য নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নারীদের হাত ধরে এগিয়ে দিয়েছেন একজন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এখন আমাদের কাজটা করে যেতে হবে। নারীদের প্রযুক্তি শিখতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিরা, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার প্রমুখ।
