অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দেখা পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে হাসান মাহমুদ শিকার করেছিলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের উইকেট। কিন্তু ৪ ওভার বল ঘুরিয়ে খরচ করেন ৪৭ রান। তবে সেখান থেকে শিক্ষা নিয়েছেন এই পেসার। সাফল্যের সিঁড়িতে পৌঁছার একটা মাধ্যম হিসেবে দেখছেন ম্যাচটাকে।
আজ সংবাদ সম্মেলেন দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন হাসান মাহমুদ। সেখানে তিনি বলেছেন, ‘ভারতের সঙ্গে ওই ম্যাচটার পর আমার ভয়টা কেটে গেছে। এখানে আমার জন্য একটু সহজ হয়েছে। কোনো ব্যাটসম্যান কোন শটটা ভালো খেলে, সে অনুযায়ী পরিকল্পনা থাকে বোলিং করার।’
চাপ সামলে কিভাবে ম্যাচে ঘুরে দাঁড়ান তার রহস্য জানাতে গিয়ে এই তরুণ বলেন, ‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।’
সর্বশেষ বিপিএলেও তানভীর ইসলামের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন হাসান। সে বিপিএলে মিরপুরের উইকেটও ছিল বেশ ব্যাটিং সহায়ক। সিরিজের দ্বিতীয় ম্যাচে অমন উইকেট থাকলেও হাসান জানালেন সে চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত, ‘চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। ডিফেন্ড করতে খুব কষ্ট হয়েছে। এমন উইকেট থাকলে আমাদেরও শেখা হবে। ভালো ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিংয়ের অভিজ্ঞতা হবে।’
