প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়েছিল যে লিভারপুল, তারাই কাল বোর্নমাউথের কাছে হারল! মোহামেদ সালাহ হাস্যকর পেনাল্টি মিস করায় দল হেরেছে ০-১ গোলে। এ জয়ে রেলিগেশন জোন থেকে উঠে এসেছে বোর্নমাউথ। ম্যাচের ২৮ মিনিটে তাদের এগিয়ে দেন ফিলিপ বিলিং। ৬৮ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় অল রেডরা। দিয়েগো জোতার শট বোর্নমাউথের ডি-বক্সের ভেতর ডিফেন্ডার অ্যাডাম স্মিথের হাতে লাগলে পেনাল্টি পায় লিভারপুল। সালাহর শট বাঁ-পাশ দিয়ে অনেক ওপরে উড়ে চলে যায়। পুরো ক্যারিয়ারেই সম্ভবত এর চেয়ে বাজে পেনাল্টি শট নেননি সালাহ। ওদিকে লা লিগায় এসপানিওলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয় পেল তারা।
×
