এমবিবিএসে ভর্তির নামে প্রতারণা

নজরদারিতে সাবেক অতিরিক্ত সচিব নিতিশ

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০২:৫৪ এএম

এমবিবিএস কোর্সে ভর্তি ও প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার ঘটনায় নাম আসা সাবেক অতিরিক্ত সচিব নিতিশ চন্দ্র সরকারকে নজরদারিতে রেখেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

ডিবি বলছে, এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও মেডিকেলে ভর্তি করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এস এম আনিস নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে অতিরিক্ত সচিব নিতিশ চন্দ্র সরকারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

গত শুক্রবার ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আনিসের নেতৃত্বাধীন প্রতারণা চক্রে সদ্য অবসরে যাওয়া সরকারি একজন কর্মকর্তার নাম এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। মেডিকেল কলেজে ভর্তি ছাড়াও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দালালি ও প্রতারণা-বাণিজ্য করে আনিস ইতিমধ্যে দুটি হোটেল এবং রাজধানীর মনিপুরীপাড়ায় একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হয়েছেন বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা।’

ডিবি জানিয়েছে, আনিস মূলত শিক্ষার্থী সংগ্রহের কাজটি করতেন। আর ভর্তির জন্য সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ফোন করে বলে দিতেন এসব মেডিকেল কলেজের তদারকির দায়িত্বে থাকা ওই অতিরিক্ত সচিব।

এ বিষয়ে নিতিশ চন্দ্র সরকার সাংবাদিকদের বলেছেন, মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে আনিস তার সাহায্য চেয়েছিলেন। তিনি কয়েকটি মেডিকেলে ফোন করে ওই শিক্ষার্থীদের ভর্তির জন্য অনুরোধ করেছিলেন। তবে প্রতারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত