সোয়াতের আহ্বানে রেললাইন ছাড়ল রাবি শিক্ষার্থীরা

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০১:০৮ এএম

রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ রেললাইনের ওপর টায়ার ও টিউবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা রেললাইনের পাতও খুলে ফেলে। এ ঘটনায় রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইন অবরোধ করে তারা। পরে রাত সাড়ে ১১টায় সোয়াতের একটি দলকে আসতে দেখে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন ত্যাগ করে চলে যায়। এ সময় সোয়াতের পক্ষ থেকে তখন মাইকে শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুরোধ জানান হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকতা রাত ১২টার দিকে জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৯২টা প্যান্ডেল (লোহার হুক) খুলে ফেলেছে। তার মধ্যে চারটা পেয়েছি। একটা স্লিপার খুলে ফেলেছিল যেটা আমরা পেয়েছি। আর আগুনে তিনটা স্লিপারে দাগ পড়েছে। আধাঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ট্রেন চলাচলের ব্যাপারে পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে টায়ার ও টিউবে আগুন জ্বালিয়ে অবস্থান নেয়ার কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেলে ট্রেন যোগাযোগ আবারও চালু করা হবে।

সোয়াত ওই দলের সঙ্গে বোয়ালিয়ার উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, আমাদের কাছে তথ্য ছিল বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র রেললাইনে আগুন দিয়েছে। এটা রাষ্ট্রীয় সম্পদ। এরপর আমরা প্রস্তুতি নিয়ে আসি। কিন্তু এখানে এসে কোনো ছাত্র দেখতে পাইনি তারা লাইনের ওপরে কাঠের আগুন দিয়েছিল। সেটা আমরা নিভিয়ে দিই। রাতে নিরাপত্তা জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে এ ঘটনা আর না ঘটে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ব্যতিত আমরা ক্যাম্পাসের ভেতর প্রবেশ করব না।
সোয়াত টিম আসার পর শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ঘটনা তদন্তে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল অফিস সময়ে কমিটিকে নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করা হবে।

উপাচার্য জানান, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত