ইউনিলিভার কনজ্যুমারের ৩০০ শতাংশ লভ্যাংশ

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০১:২৮ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ বোনাস। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত শনিবার শেয়ারহোল্ডারদের জন্য এমন লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরে ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ৬০ পয়সা।

আগামী ১৬ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

ইউনিলিভার কনজ্যুমারের পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা এসইসি কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে কোম্পানিটি ৬০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ধাপে ধাপে এসইসির নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াবে কোম্পানিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত