লবণ পানিতে দিশেহারা চট্টগ্রাম নগরবাসী। ওয়াসার ইনটেকে (নদীর যে পয়েন্ট থেকে পানি সংগ্রহ করা হয়) প্রতি লিটার পানিতে ১৭০০ মিলিগ্রাম পর্যন্ত লবণ পাওয়া যাচ্ছে বলে পরিশোধিত পানিও লবণাক্ত।
ওয়াসা কর্তৃপক্ষ নলকূপ কিংবা অন্য প্ল্যান্টের পানি মিশিয়ে লবণের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছে। তারপরও সরবরাহ করা প্রতি লিটার পানিতে ৩০০-৩৫০ মিলিগ্রাম পর্যন্ত লবণ থাকছে। গত কয়েক বছর পানিতে লবণের এ মাত্রা কম থাকলেও এবার হঠাৎ করে বেড়ে গেছে।
কেন লবণের মাত্রা বেড়ে গেল কারণ জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসা কর্মকর্তাদের গড়পড়তা উত্তর, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি কমে গেছে। ফলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ কমে গেছে। কাপ্তাই হ্রদের পানি এসে পড়ে কর্ণফুলী নদীতে। পানির পরিমাণ কম হওয়ায় জোয়ারের সময় সাগরের লবণাক্ত পানি নদীর অনেক ভেতরে প্রবেশ করছে। হালদা নদীর যে পয়েন্ট (মোহরায়) থেকে ওয়াসা পরিশোধনের জন্য পানি সংগ্রহ করে সেখানে দ্রুত লবণ পানি চলে আসে। তাই নগরীর পানিতে লবণ পাওয়া যাচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পানির পরিমাণ কমে যাওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইন একটার বেশি চালু করা হচ্ছে না। ফলে কাপ্তাই থেকে পানি কম ডিসচার্জ (নিঃসরিত) হচ্ছে কর্ণফুলী নদীতে। লবণ পানি নিয়ে ওয়াসা কর্তৃপক্ষের এ বক্তব্য সঠিক ধরে নিলে প্রতি বছর শুষ্ক মৌসুম জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত নগরীতে লবণ পানি পরিবাহিত হওয়ার কথা। প্রতি বছর হচ্ছে না কেন? এর খোঁজ নিতে গিয়ে কথা হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিমের সঙ্গে। তিনিও বললেন, একই কথা।
কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় এখন একটার বেশি টারবাইন চালু করা যাচ্ছে না। তাই উজান থেকে পানি কম আসছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম ওয়াসার সিনিয়র এক প্রকৌশলী দেশ রূপান্তরকে জানান, কাপ্তাই হ্রদে শুষ্ক মৌসুমের জন্য পানি সংরক্ষণে নভেম্বরের পর থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের চারটি টারবাইনের মধ্যে এক বা দুটি চালু রাখা হয়। কিন্তু এবার জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চারটি টারবাইনই চালু ছিল। আর এতে হ্রদের পানি দ্রুত কমে যায়। ফলে এখন একটাও আর ঠিকভাবে চালু রাখা যাচ্ছে না।
ওয়াসার প্রকৌশলীর এ বক্তব্যের সূত্র ধরে কথা হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আবদুল জাহেরের সঙ্গে। তিনি টারবাইন চালু রাখার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমরা চারটি টারবাইনও চালু রেখেছিলাম। বিদ্যুৎ চাহিদা পূরণ নিশ্চিত করতে আমাদের ওপর তা চালুর নির্দেশনা ছিল। এতেই দ্রুত হ্রদের পানি কমে যায়। স্বাভাবিকভাবে এ সময়ে এক বা দুটি টারবাইন চালু রেখে বাকি পানি এপ্রিল পর্যন্ত চালানোর জন্য মজুদ করে রাখা হয়।’
এখন পানির স্তর কত রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানির গভীরতা (সমুদ্রপৃষ্ঠ থেকে) ৭৮ দশমিক ০১ ফুট। এ সময় থাকার কথা ৯১ দশমিক ২৪ ফুট। পানির সর্বোচ্চ গভীরতা অক্টোবরে ১০৯ ফুট পর্যন্ত থাকে।’
এ অবস্থা চলতে থাকলে আগামীতে কী হবে এমন প্রশ্নে আবদুল জাহের বলেন, ‘একটি টারবাইনও সচল রাখা যায় কি না সন্দেহ। বৃষ্টি না আসা পর্যন্ত হ্রদের পানি বাড়ার কোনো সুযোগ নেই।’
এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এখনই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কালবৈশাখী বা বৈশাখের আগাম বৃষ্টি হলেও তা সাময়িক। এতে হ্রদের পানি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।
চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী ও হালদা নদীর পানি পরিশোধন করে নগরীতে প্রায় ৪০ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে হালদা নদীর মোহরা প্ল্যান্টটি সবার আগে। একই নদীতে উজানে রয়েছে মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প। অন্যদিকে মোহরা পয়েন্ট থেকে আরও উজানে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়ার পোমরায় রয়েছে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের দুটি পর্যায়। সাগরের লবণাক্ত পানিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মোহরায়।
এ বিষয়ে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘আমরা কর্ণফুলী ও মোহরার পানি মিশ্রণ করে রবিবার থেকে সরবরাহ করছি। এতে গ্রাহক পর্যায়ে সরবরাহ করা পানিতে লবণের পরিমাণ প্রতি লিটারে ২৫০ মিলিগ্রাম পর্যন্ত নেমে এসেছে।’
২০০৭, ২০১৭ ও ২০২১ সালে ওয়াসার পানিতে লবণের পরিমাণ বেশি হয়েছিল। সাধারণ ফেব্রুয়ারি-মার্চ মাসে এ ধরনের সমস্যা হয়ে থাকে। কিন্তু এবার গতকাল ১২ মার্চ মোহরা পয়েন্টে প্রতি লিটার পানিতে ১৮০০ মিলিগ্রাম লবণ পাওয়া গেছে। আগের দিন ১১ মার্চ ছিল ১৬৮০ মিলিগ্রাম।
গত ফেব্রুয়ারি শেষ সপ্তাহ থেকেই পানিতে লবণের পরিমাণ বাড়তে থাকে বলে জানান চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগার প্রকল্পের পরিচালক সাদেক হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘ফেব্রুয়ারি শেষ সপ্তাহ থেকে হালদার পানিতে লবণের পরিমাণ বেশি পাওয়া যাচ্ছে এবং এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা যেহেতু লবণ পরিশোধন করতে পারি না তাই পানি ট্রিটমেন্ট করার পর লবণযুক্ত পানি সরবরাহ করা হয়ে থাকে। তারপরও গভীর নলকূপের পানি মিশিয়ে পানিতে লবণের মাত্রা কমিয়ে আনা হয়।’
এদিকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, উপকূলীয় জেলা হিসেবে চট্টগ্রামে প্রতি লিটার সুপেয় পানিতে ৬০০ মিলিগ্রাম লবণ সহনীয়। তবে পানিতে লবণের মাত্রা বেশি থাকলে কী সমস্যা হতে পারে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘গৃহস্থালি পর্যায়ে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে শিল্প-কারখানার মেশিনারিজে সমস্যা হতে পারে।’
অন্যদিকে মানবদেহে ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, ‘লবণের মাত্রা বেশি হলে মানুষ হাইপারটনিক হয়ে পড়বে। এ ছাড়া আগে থেকে যাদের কিডনি ও প্রেশারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এসব রোগ আরও ত্বরান্বিত হবে। তা থেকে ব্লাড প্রেশারের মাধ্যমে হার্টের সমস্যা দেখা দিতে পারে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘মানব শরীরে স্বাভাবিকের বেশি লবণ প্রবেশ করলে অবশ্যই এর নেতিবাচক প্রভাব পড়বে। আর ওয়াসা কখনো পরিশোধনের মাধ্যমে লবণ কমাতে পারবে না। তারা জীবাণুনাশ করতে পারবে।’
লবণ পানি বিষয়ে সতর্ক থাকতে ওয়াসার পক্ষ থেকে জরুরি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বর্তমানে ওয়াসার লবণযুক্ত পানি হালিশহর, পাহাড়তলী, উত্তর কাট্টলী ও পতেঙ্গা এলাকায় বেশি পাওয়া যাচ্ছে।
