সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে ভোটের বাকি মাত্র কয়েক দিন। আগের বছরের মতো তিক্ত ও অস্বস্তিকর পরিস্থিতি নাকি সুন্দর ও বিতর্কহীন নির্বাচনএমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আইনজীবীদের মধ্যে। ১৫ ও ১৬ মার্চ দুই দিনের নির্বাচনে সমিতির তালিকাভুক্ত প্রায় ৯ হাজার আইনজীবী ভোট দেবেন। ইতিমধ্যে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই নির্বাচনকে কেন্দ্র করে শেষ সময়ের প্রচার জমে উঠেছে। পাশাপাশি আগের ঘটনার রেশে কিছুটা অস্বস্তিও রয়েছে আইনজীবীদের মধ্যে।
উচ্চ আদালতসহ সারা দেশের আইনজীবীদের কাছে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের একটি আলাদা আবেদন রয়েছে। এই নির্বাচন নির্দলীয় হলেও কার্যত দলীয় ছদ্মাবরণেই ভোট হয়। আওয়ামী লীগপন্থিরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) নামে এবং বিএনপিপন্থিরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) নামে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে দুই পক্ষই মর্যাদা ও সম্মান রক্ষার লড়াই বলে বিবেচনা করে। ফলে ভোটের এই লড়াই হয় চোখে পড়ার মতো।
এবারের নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির এবং সম্পাদক পদে আব্দুন নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজনই সুপ্রিম কোর্ট বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সম্পাদক। অন্যদিকে নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে তিনি সমিতির বেশ কয়েকবারের সম্পাদক ছিলেন। এ প্যানেল থেকে সম্পাদক পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচনে লড়ছেন।
বিগত বছরের (২০২২-২৩ মেয়াদে) নির্বাচনে সরকারপন্থি আইনজীবীদের ভোট পুনঃগণনার দাবি এবং বিএনপিন্থিদের ফলাফল ঘোষণার দাবি নিয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়কের পদত্যাগ এবং এর জেরে প্রায় দেড় মাস ফল ঘোষণা স্থগিত থাকা, এই সময়ে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়া, সরকারপন্থি ও বিএনপিপন্থিদের মধ্যে বেশ কয়েকবার হট্টগোল, হাতাহাতি, মারামারি, হাতুড়ি নিয়ে হামলা ও রক্তারক্তির ঘটনা ঘটে। একপর্যায়ে সুপ্রিম কোর্ট বার ভবনের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়। এই পরিস্থিতিকে জ্যেষ্ঠ আইনজীবীরা নজিরবিহীন এবং আইনজীবী সমাজের জন্য অসম্মানজনক বলে উল্লেখ করেছিলেন।
এবারের নির্বাচন নিয়েও কিছুটা উত্তেজনার আঁচ পাওয়া গেছে কয়েক দিন আগে। সম্প্রতি নির্বাচন পরিচালনা উপকমিটি নিয়ে সরকাপন্থি ও বিএনপিপন্থিরা পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেন। এরপর জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে আলোচনার পর ২ মার্চ জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ ছাড়া কিছুদিন আগে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনের দুদিনের ভোটের প্রথম দিনই অনিয়মের অভিযোগ তুলে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ভোট বর্জন করলে অনেকটা সহজভাবেই নির্বাচনে উতরে যায় সরকারপন্থিরা। এসব নিয়ে উভয় পক্ষের রয়েছে অভিযোগ ও পাল্টা অভিযোগ। সার্বিক পরিস্থিতিতে জ্যেষ্ঠ আইনবিদ ও নির্বাচন সংশ্লিষ্টদের আশা দুপক্ষই সংযত আচরণ করবে। উচ্চ আদালতের আইনজীবীদের সম্মানের হানি হয় নির্বাচন নিয়ে এমন বিবাদে জড়াবেন না তারা।
সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘অতীতে কী হয়েছে না হয়েছে, তা নিয়ে আমি চিন্তা করতে নারাজ। একটা সুন্দর পরিবেশে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটের আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব। এটুকু বলতে পারি একটি ভালো নির্বাচন হবে।’
জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘গেল বছরের যে পরিস্থিতি ছিল তাতে উচ্চ আদালতের আইনজীবীদের মর্যাদা ও সম্মান কিছুটা মøান হয়েছিল। এবার আশা করছি সেই তিক্ততা হবে না। নির্বাচন নিয়ে আইনজীবীদের মধ্যে মারামারির কোনো খবর আসুক তা চাই না। উচ্চ আদালতের আইনজীবীদের সম্মান রক্ষা হয় এমন ভোট চাই।’
সাদা প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির দেশ রূপান্তরকে বলেন, ‘আপনারা মাঠ জরিপ করেন। এগুলো (বিবাদ) আমরা কখনো আশা করি না। নির্বাচনের সুন্দর পরিবেশ আছে, থাকবে। আমাদের পক্ষ থেকে কিছু হবে না। তাদের (বিএনপিপন্থি আইনজীবী) আশঙ্কাটা তো সব সময়ই ছিল। গোলমালের মানুষ যে কোনো জায়গায় গোলমাল বাধায়। কিন্তু আমরা একটি ভালো নির্বাচন চাই।’
বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আওয়ামী লীগপন্থি আইনজীবীদের ইঙ্গিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘ভোটকেন্দ্র নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন কিছু আইনজীবী। গত সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে দেখেছি। কিছুদিন আগে ঢাকা বারের নির্বাচনেও এমনটি দেখেছি। তবে বেশির ভাগ আইনজীবী এগুলো পছন্দ করেন না। তারা এ বিষয়ে সতর্ক। আমরাও সতর্ক আছি। নির্বাচন কমিশন যেহেতু পুনর্গঠন করা হয়েছে, আশা করি কোনো সমস্যা হবে না।’
