তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পঞ্চগড়ে হামলা ঢাকা ও লন্ডন থেকে মনিটর করা হয়েছে। সারা দেশে গ-গোল লাগানোর উদ্দেশ্য তাদের ছিল। গতকাল রবিবার দুপুরে আহমদিয়া মুসলিম জামায়াতের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিকে কেন্দ্র করে ২-৪ মার্চ আহমদিয়া মুসলিম (কাদিয়ানি) জামায়াতের বোদা উপজেলার ফুলতলা, শালশিরি, আহমদনগর এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকানপাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, হামলা পরিচালনা করার আগে থেকে উসকানি ছড়ানো হয়েছে। বাঁশের কেল্লা পেজ থেকে কাদিয়ানিদের বিরুদ্ধে ঐক্য পরিষদ, বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা ও হারুন উর রশিদের ফেসবুক পেজ থেকে উসকাানি ছড়ানো হয়েছে। উসকানি ছড়িয়ে সংগঠিত করে এই হামলা পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ‘মহা পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে। মানুষকে উসকানি দেওয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বলছি, যে বা যারাই এটার সাথে যুক্ত থাকুক না কেন কোন দল বা কোন মত এটা না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের ধাক্কামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরশেদ এবং পৌর যুবলীগের সহসভাপতি শাহীন আলমের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, হামলা চালানো হয়েছে। তারা পুলিশ বক্সে হামলা পরিচালনা করেছে। ডিসি অফিসে, এসপি অফিসে হামলা পরিচালনার চেষ্টা করেছে। থানায় হামলা পরিচালনার চেষ্টা করেছে, র্যাবের গাড়ি পুড়িয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইসলামের নামে এভাবে কারও ওপর হামলা পরিচালনা করা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচারের বিধান করতে বদ্ধপরিকর।’
পরে মন্ত্রী পঞ্চগড় শেরেবাংলা পার্কের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সরকারকে টান দিয়ে ফেলে দেবে বলেছে। কিন্তু দড়ি ছিঁড়ে ফখরুলসহ সবাই মাটিতে পড়ে গেলেন। হাসপাতালে ভর্তি হলেন। এখন বলছেন সরকারকে হটাতে আবার টান দেবেন। এবার টান দিলে তাদের কোমর ভেঙে যাবে আর হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে।’
মন্ত্রী বলেন, ‘সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছে এবং রাজপথেই থাকবে। এই কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদর আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য দেন।
