রমজানের আগে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। তাই জনসাধারণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল রবিবার রমজান ও ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। খবর বাসস।
বৈঠকে রমজান ও ঈদকে সামনে রেখে দেশব্যাপী খাদ্য মজুদ ও সরবরাহ, আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং ঘরমুখো যাত্রীদের নির্বিঘœ যাত্রা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রমজানের আগে অতীতের যেকোনো সময়ের তুলনায় আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, যা আমাদের জন্য সন্তোষজনক।’
রোজার সময় নিত্যপণ্য যাতে মানুষের কাছে পৌঁছায়, সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে সেজন্য আমরা সবাইকে নির্দেশ দিয়েছি, বলেন তিনি।
এ প্রেক্ষাপটে আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার অনুরোধ জানিয়ে মুখ্য সচিব বলেন, ‘একবারে অতিরিক্ত খাবার কেনার পরিবর্তে প্রত্যেকে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ যখন যার যা প্রয়োজন তা নিলে কারও কোনো সমস্যা হবে না। আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে রোজা এবং ঈদ উদযাপন করতে পারব।’
তিনি বলেন, সরকার ইতিমধ্যে চিনি আমদানিতে কর কমানোয় এবং ট্যারিফ ভ্যালু তুলে দেওয়ায় রমজানে চিনির মূল্য কম থাকবে। সরকারের গৃহীত ব্যবস্থায় রমজানের আগে চিনির আমদানি অনেক বেশি হবে বলে তিনি মনে করেন।
এছাড়াও খোলা বাজারে বিক্রয় (ওএমএস) যথারীতি অব্যাহত থাকবে এবং টিসিবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে যার মধ্যে রয়েছে ভোজ্য তেল, চিনি, চাল, পেঁয়াজ ও ছোলা। টিসিবি ঢাকা শহরে খেজুরও বিক্রি করবে। এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এক কেজি চাল ১৫ টাকায় বিক্রি হবে বলে জানান তিনি।
রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে জানিয়ে মুখ্য সচিব বলেন, ইফতার ও সাহরির সময় যথাযথ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং রাত ১১টার পর সেচের জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
