গাজীপুরের টঙ্গীতে নাশকতার মামলায় বিএনপির এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে এক ছাত্রলীগ নেতা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযুক্ত সাব্বির হোসেন গাজীপুর মহানগরীর ৫৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিশির সরকারকে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, নাশকতার মামলায় অভিযুক্ত থাকায় রোববার রাতে বিএনপি নেতা শিশির সরকারকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাব্বির পুলিশের কাজে বাধা দেয়। সাব্বির এবং শিশির দুজনেই মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন। পরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার নাশকতার মামলায় বিএনপি নেতা শিশিরকে এবং মদ্যপ অবস্থায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শিশিরকে জিএমপি আইনে (প্রসিকিউশন) আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু বলেন, সাব্বির ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। বর্তমানে ওই ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হয়নি।
