আতঙ্ক ভুলে হোয়াইটওয়াশের স্বপ্নে বাংলাদেশ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০২:০৭ এএম

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার আগে সমর্থকদের মনে একটা চাপা আতঙ্ক ছিল। একে তো তারা ওয়ানডে এবং টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন, তার ওপর তাদের ব্যাটিং দর্শন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জস বাটলার আর অ্যালেক্স হেলস মিলে ভারতের বোলারদের যেভাবে নাকাল করে বিনা উইকেটে ১৬৯ রান তাড়া করে দলকে জিতিয়েছেন, সেটা হরর ছবির চেয়ে কোনো অংশে কম নয়। তার ওপর মঈন আলী, অ্যালেক্স হেলসের বিপিএলের পারফরম্যান্স মনে রাখলে বোলারদের পালানোর পথই খোঁজার কথা। সেই সঙ্গে জোফ্রা আর্চারের ফেরা এবং বাংলাদেশের চিরন্তন জুজু লেগস্পিনে আদিল রশিদের সঙ্গে রেহান আহমেদের অন্তর্ভুক্তি সব দিকেই ভয় ধরাচ্ছিল। কিন্তু আজ শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সবকিছুই ধুয়ে-মুছে সাফ! সিরিজের প্রথম দুটো টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা জিতলেই ‘মিস্টার হোয়াইট’ সিরিজে ইংল্যান্ড হবে হোয়াইটওয়াশ।

সোমবার অনুশীলন করেনি কোনো দলই। বাংলাদেশ দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে আর ইংল্যান্ড সিরিজ হেরে বিমর্ষ। যদিও জস বাটলার বারবারই বলছেন যে এই সফরে তারা নিয়মিত খেলোয়াড়দের বাইরে রেখে একটু পরীক্ষা-নিরীক্ষাই করছেন। যেটাকে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনের কাছে মনে হয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাসের কুফল। স্কাই স্পোর্টসে ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে নাসের বলেছেন, ‘আমাদের ১৮টা কাউন্টি আছে, আমরা কি এক-দুজন ক্রিকেটারকে বদলি হিসেবে পাঠাতে পারতাম না? অলিভার পোপ বা জ্যাক ক্রলি তো সাদা বলে বেশ ভালো খেলে। আমাদের একজন ব্যাটসম্যান কম এ ব্যাপারটা আমি মোটেও মানতে পারছি না।’ আসলে উইল জ্যাকস ও টম অ্যাবেল চোটে পড়ার পর ইংল্যান্ড দল আর তাদের কোনো বদলি নেয়নি।

জুনের মাঝামাঝি শুরু হবে অ্যাশেজ। ইংল্যান্ডের কাছে এই টেস্ট সিরিজের মর্যাদা যেকোনো ক্রিকেট সিরিজের চেয়েই বেশি। ওদিকে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন যারা টি-টোয়েন্টিতে খেলেন, যেমন বেন স্টোকস ও হ্যারি ব্রুক। লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো ভুগছেন চোটে। হেলস, স্যাম বিলিংস, জেসন রয়রা খেলছেন পিএসএলে। বাংলাদেশ সফরে তাই খেলোয়াড় সংকটেই পড়েছে ইংল্যান্ড। যার প্রভাবটা পড়েছে মাঠের খেলায়।

অন্যদিকে বাংলাদেশ দল সুবিধাটা পেয়েছে কিছুদিন আগেই হয়ে যাওয়া বিপিএলের। আসরের সেরা তিন ব্যাটসম্যান ও সেরা দুই উইকেটশিকারিকে নির্বাচকরা নিয়েছেন দলে। রনি তালুকদার, তৌহিদ হৃদয়রা দেখাচ্ছেন টি-টোয়েন্টির আগ্রাসী মানসিকতা, সেই সঙ্গে ফিল্ডিংয়েও তারুণ্যের ছোঁয়া মাঠে চনমনে ভাব। দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচসেরা মেহেদি হাসান মিরাজ যেমন বলেছেন, ‘এখন যে খেলোয়াড়রা আছে, তারা সবাই ইতিবাচক ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি খেলাটা কিন্তু চিন্তা করার কিছু নেই, আমি কীভাবে খেলব, ধরে খেলব নাকি এ রকম না। এখানে প্রতিটা বলেই ঝুঁকি ও সাহস নিয়ে খেলতে হয়। আমাদের খেলোয়াড়রা সবাই মানসিকতা পরিবর্তন করেছে যে আমরা কীভাবে গ্লেমপ্ল্যান করব, কীভাবে খেলব। এভাবেই হচ্ছে। আর কয়েকজন তরুণ ক্রিকেটার এসেছে। তারাও ভালো ক্রিকেট খেলছে।’

দলের তরুণরা ভালো করায় তৃপ্তি নির্বাচক হাবিবুল বাশারের কণ্ঠেও। সাবেক অধিনায়ক গতকাল বলেছেন, ‘আমরা যে ব্র্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চাচ্ছি, তার কিছুটা হলেও এই সিরিজে খেলতে পেরেছি। অনেক দিন ধরে চিন্তাভাবনা করছি, চেষ্টা করছিলাম। সব সময় হচ্ছিল না।’ দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, তবে ইংল্যান্ডের বিপক্ষে জয় হাবিবুলকে দিচ্ছে বাড়তি তৃপ্তি, ‘সাফল্য যে আগে ছিল না, তা নয়। তবে আমরা যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চেয়েছি, এই সিরিজে কিছুটা হলেও পেরেছি। আমরা সিরিজ জিতে গেছি। তবে যেটা বেশি তৃপ্তিদায়ক ছিল, টি-টোয়েন্টি সংস্করণে যেভাবে আমরা খেলতে চাই, তার কিছুটা হলেও এই সিরিজে এখন পর্যন্ত আমরা প্রকাশ করতে পেরেছি।’

মিরাজ তো দ্বিতীয় ম্যাচ জয়ের পর দ্বিধাহীন কণ্ঠেই জানিয়েছেন লক্ষ্য এখন ৩-০। মাঠে বাংলাদেশের ক্রিকেটার আর ইংল্যান্ডের ক্রিকেটারদের শরীরী ভাষার পার্থক্য বলছে, বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে। খেলোয়াড়রা দেশে ফিরতে পারলেই বাঁচেন! ইংল্যান্ড থেকে আসা জনাকয় সাংবাদিকও শেষ টি-টোয়েন্টির আগেই দেশের বিমান ধরেছেন।

তিন সিংহের আতঙ্ক তাই আপাতত উধাও; বরং আরও একবার বাঘের হুংকারের অপেক্ষায় গোটা দেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত