নির্বাচন দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০২:৫০ পিএম

আগামীকাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়মনের নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ বেলা ১টার দিকে প্রায় তিন শতাধিক বিএনপিপন্থি আইনজীবী বার কাউন্সল ভবনের দোতলায় এই কর্মসূচি পালন করেন। এ সময় তাদের সাথে সংহতি জানান জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এ প্রসঙ্গে কথা হলে ব্যারিস্টার কায়সার কামাল দেশ রূপান্তরকে জানান, সরকারপন্থিরা নীলনকশার মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। কিন্তু আমারা তা হতে দেব না। আগামীকাল যথাসময়ে নির্বাচন হতে হবে। আর এ কারণেই আমরা এই কর্মসূচি পালন করছি।

গত রাতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী পদত্যাগকেও তিনি এই নীলনকশারই অংশ হিসেবে দেখছেন। তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ককে জোরপূর্বক পদত্যাগ করিয়ে সরকারপন্থিরা এই নীলনকশার বাস্তবায়ন করতে চায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এক ঘণ্টা বিরতি দিয়ে ফের বেলা ৩টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপিপন্থি আইনজীবীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত