কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়নের কমিটিতে মোটা অঙ্কের টাকায় পদ বিক্রিসহ মনগড়া পকেট কমিটি করার অভিযোগ উঠেছে। দলের পদবঞ্চিত নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, যুবদল কুষ্টিয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে সময় এক সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করছে, সে সময় সংগঠনকে সুসংগঠিত না করে যুবদল কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবদুল মাজেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল বাদশা প্রতারণা, অর্থ বাণিজ্য ও স্বজনপ্রীতিতে লিপ্ত হয়ে মনগড়া পকেট কমিটি ঘোষণা করেছে। তারা সোমবার হঠাৎ করে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে সদর উপজেলার সাতটি ইউনিয়ন কমিটি ঘোষণা করে। একটি গণতান্ত্রিক সংগঠন হিসেবে বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা এ দুর্বৃত্তায়নের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ উদ্ভূত পরিস্থিতির সমাধানে দলের ঊর্ধ্বতন নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
