টি-টোয়েন্টিতে ইংলিশদের ‘বাংলাওয়াশ’-এর পর এবার টাইগারদের লক্ষ্য আয়ারল্যান্ড সিরিজ। আগামী ১৮ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে প্রথম ওয়ানডে। ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আবার ৪ এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে একমাত্র টেস্ট।
এই সিরিজের সবগুলো ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণা করা হয়েছে। এরপর বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ এ কথা জানান।
প্রাথমিকভাবে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। তবে কবে থেকে পাওয়া যাবে, সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি।
তবে জানা গেছে, বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল গ্যালারিতে বসে খেলা দেখতে ২০০ টাকা খরচ করতে হবে। স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউস ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
