উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৩:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত রোহিঙ্গা হলেন উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ-২৮ ব্লকের বাসিন্দা নুর বশিরের ছেলে আব্দুর রশিদ (২৮)। তিনি একজন স্বেচ্ছাসেবক ছিলেন।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বলেন, সকাল ৮টার দিকে ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ব্লকে কিছু সন্ত্রাসী স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত মঙ্গলবার ভোরে একদল দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা গুরুতর আহত হন। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত