হজের বিমান টিকিটের দাম পঞ্চাশ হাজার টাকা কমানোর সুপারিশ

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:৫৫ পিএম

এ বছর হজযাত্রীদের জন্য ফ্লাইটের টিকিটের দাম ৫০ হাজার টাকা কমিয়ে দেড় লাখ টাকা করার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি টিকিটের দাম বাড়ানোয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিন্দা করেছে কমিটি।

বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের ইতিহাসে এ বছর হজ প্যাকেজ সবচেয়ে ব্যয়বহুল। ইতোমধ্যে হজে যেতে আগ্রহীরা বাড়তি দামের বিষয়ে হতাশার কথা জানিয়েছেন। পাশাপাশি এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। এ অবস্থায় সংসদীয় স্থায়ী কমিটি ফ্লাইটের টিকিটের দাম কমানোর সুপারিশ করল।

বৈঠকে কমিটির সদস্যরা বলেন, টিকিটের দাম বেশি হওয়ায় হজে যেতে খরচ অনেক বেড়েছে। খরচ কমাতে প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিতে হবে বলেও তারা মন্তব্য করেন।

কমিটির সদস্য সৈয়দ নাজমুল বাশার মাইজভান্ডারি বলেন, হজ প্যাকেজের খরচ বাড়ানোয় জনগণ সরকারের ওপর খুশি নয়। হজ প্যাকেজের খরচ না কমালে, সরকার বিপদে পড়তে পারে বলে তিনি সরকারকে সতর্ক করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত