পুরুষ জাতীয় দলে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ বংশোদ্ভূত ডেনমার্কের ফুটবলার জামাল ভূঁইয়া। বর্তমানে জাতীয় দলের অধিনায়ক তিনি। তার দেখাদেখি জাতীয় দলে নিয়মিত হয়েছেন আইসল্যান্ড প্রবাসী তারেক কাজী। দীর্ঘদিন ঘরোয়া ফুটবল খেলার পর সম্প্রতি নারী জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন জাপানি মা আর বাঙালি বাবার
সন্তান মাতসুশিমা সুমাইয়া। এবার সেই তালিকা নাম উঠতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীর। সুইডিশ লিগে খেলা এ ফুটবলার মূলত স্ট্রাইকার। ১৭ বছর বয়সী এ ফুটবলার উইঙ্গার হিসেবেও খেলতে সক্ষম। আপাতত তার সম্পর্কে এটুকুই জানেন জাতীয় দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন। সম্প্রতি আনিকা রানিয়ার ভিডিও ফুটেজ দেখেছেন তিনি, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এ ফুটবলারের সন্ধান পেয়েছেন। তিনিই তার সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।’ ছোটন জানান, পোল্যান্ড লিগেও খেলেছেন আনিকা। বর্তমানে তিনি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন। সুবিধাজনক সময়ে তার বাংলাদেশে আসার কথা। আসার পর তাকে দেখে জাতীয় দলে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় দলের ট্রায়ালে পছন্দ হলে আনিকাকে আসন্ন অলিম্পিক বাছাইয়েও দেখা যেতে পারে বলে জানান ছোটন।
