সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার রুলসহ এ আদেশ দেয়। রুলে এ কোম্পানিকে কালো তালিকাভুক্তিতে দুদক ও স্বাস্থ্য অধিদপ্তরের আদেশ কেন অবৈধ ও বাতিল বলে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
কোম্পানির স্বত্বাধিকারী জাহের উদ্দিন সরকার ও নুসরাত জাহান রত্না এ রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুরাদ রেজা। সঙ্গে ছিলেন আইনজীবী মো. রোকনুজ্জামান প্রিন্স। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘কালো তালিকাভুক্তির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালের ব্যবসা পরিচালনায় কোনো বাধা নেই।’
আইনজীবীদের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১২ ডিসেম্বর বেশ কয়েকটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রিপরিষদ সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তর ২০২০ সালের ১৬ জানুয়ারি এ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে আদেশ জারি করে।
