ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেন আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপে আলো ছড়াল হুলিয়ান আলভারেজ।
নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত সিটিতে খেলবেন এই ২৩ বছর বয়সী। ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিবৃতিতে আলভারেজের সঙ্গে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে।
গত গ্রীষ্মের দল বদলে রিভার প্লেট ছেড়ে প্রিমিয়ার লিগের দল সিটিতে যোগ দেন আলভারেজ। প্রাথমিকভাবে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছিল তার। সেটাই আরও এক বছর বাড়ানো হলো এবার।
কাতার বিশ্বকাপে ৪ গোল করে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন আলভারেজ। আর্লিং হালান্ডের উপস্থিতিতে সেভাবে পাদপ্রদীপের আলোয় না আসলেও এই তরুণ এরই মধ্যে নিজেকে চিনিয়েছেন। ইংল্যান্ডে নিজের প্রথম মৌসুমে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে করেছেন ১০ গোল।
