সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকাল অনুশীলনে গা গরম করতে ফুটবল খেলার সময় চোখে আঘাত পান মেহেদী হাসান মিরাজ। মিরাজের ইনজুরির পর তাকে নেওয়া হয় হাসপাতালে। বিসিবির এক সূত্র জানিয়েছে, মিরাজকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ ম্যাচের আগে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রান্তে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। বল পেয়ে গোল করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু ডিফেন্ডার হিসেবে দাঁড়িয়ে ছিলেন পেসার হাসান মাহমুদ। তার শটে বল গিয়ে লাগে মিরাজের চোখে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যান করানো হলে সেই রিপোর্ট ভালো এসেছে। এরপর মিরাজকে নিয়ে যাওয়া হয় চোখের চিকিৎসকের কাছে। সেখানেও মিলেছে সুসংবাদ। চোখের আঘাত এমন, যেমনটি হয়ে থাকে বক্সিংয়ে পাঞ্চের আঘাত। চোখের ওপরের অংশ ফুলে আছে। ঘটনার পর থেকে বিশ্রামে ছিলেন মিরাজ।
