আনন্দ-উচ্ছ্বাসে পথশিশুদের মেট্রোরেল ভ্রমণ

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০২:১৩ এএম

নীল রঙের টি-শার্ট ও বঙ্গবন্ধুর ছবিসংবলিত লাল-সবুজ রঙের টুপি পরে মেট্রোরেল ভ্রমণ করেছে পথশিশুরা। সে সময় গান ও জন্মদিনের সেøাগানের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। গতকাল শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ৬০ জন পথশিশুকে নিয়ে মেট্রোরেল ভ্রমণ করা হয়। এ সময় তেজগাঁও সরকারি শিশু পরিবার থেকে ৩০ জন কন্যাশিশু ও মিরপুর সরকারি শিশু পরিবার থেকে ৩০ জন ছেলেশিশু উপস্থিত ছিল।

গতকাল সকালে মেট্রোস্টেশন শিশুদের উদ্দীপনায় ভরপুর ছিল। সকাল ৯টার দিকে বিআরটিসির ছাদখোলা বাসে করে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছে এসব শিশু। সে সময় ছেলেশিশুদের পরনে ছিল লাল পাঞ্জাবি আর কন্যাশিশুদের পরনে লাল সালোয়ার-কামিজ। তার ওপর সবার নীল কালারের টি-শার্ট। মাথায় বঙ্গবন্ধুর ছবিসংবলিত লাল-সবুজ রঙের টুপি। প্রত্যেকের হাতে নানা রঙের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে বঙ্গবন্ধুর ছবি ও লেখা শুভ জন্মদিন বঙ্গবন্ধু। বাদ্যযন্ত্র বাজিয়ে তারা মেট্রোস্টেশনে প্রবেশ করে। মেট্রোস্টেশনে প্রবেশের পর লাইনে দাঁড়িয়ে কার্ড নেয় তারা। তারপর নিজের কার্ড নিজে পাঞ্চ করে স্টেশনের প্ল্যাটফরমে যায়।

দেশাত্মবোধক গান ও জন্মদিনের স্লোগান দিতে দিতে মেট্রোরেল ভ্রমণ করে শিশুরা। আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে পৌঁছে আবার বিআরটিসি বাসে করে মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিশুদের। সেখানে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই আনন্দ আয়োজন করি। ৬০ জন শিশু এ আনন্দযাত্রায় শামিল হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মেট্রোরেলের অভিজ্ঞতার ছাপ দিতে চেয়েছি। শিশুদের জানাতে চেয়েছি, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত