চিত্রনায়িকা মাহিয়া মাহি তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে তার আইনজীবী আদালতে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেছেন। তবে কারাগার থেকে কখন বের হচ্ছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক।
মাহিয়া মাহির আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, ওমরাহ পালন করতে গিয়ে তিনি জানতে পারেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে দেশে ফিরে এসেছেন। এ ছাড়া তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা এবং একজন সেলিব্রেটি হওয়ায় তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই তিনটি বিষয় বিবেচনা করে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
তিনি আরও জানান, এর আগে তাকে আদালতে ওঠানো হলে তার জামিন চাওয়া হয়নি। যার কারণে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন আমরা তার জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। আশা করছি, রাতেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
