রেকর্ডের মালায় গাঁথা এক জয়

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:০৩ পিএম

সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে নিজেদের ইতিহাসে রেকর্ড পুঁজি গড়ল বাংলাদেশ। এরপর জ্বলে উঠলেন বোলাররা। সুবাদে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিল তামিম ইকবালরা। জিতল রেকর্ড ব্যবধানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। রানের হিসেবে টাইগারদের এটিই সবচেয়ে বড় জয়।

বাংলাদেশের দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

রানের হিসেবে বাংলাদেশের আগের সবচেয়ে বড় জয়টি ছিল ১৬৯ রানের, জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিলেট স্টেডিয়ামেই ২০২০ সালে সেই জয় পায় টাইগাররা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার স্টিভেন ডোহেনি ও পল স্টার্লিং পাওয়ার প্লেতে বাংলাদেশকে হতাশ করেন। তবে ১২তম ওভারে সাকিব আল হাসানের প্রথম শিকারের পর ইবাদত হোসেন আঘাত হানেন পর পর।

এরপর উইকেট উৎসবে যোগ দেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদরা। এক পর্যায়ে ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়েছে ফেলে আইরিশরা। বিনা উইকেটে ৬০ রান থেকে ৭৬ রানে ৫ উইকেট হারানোর পর মাথা তুলে দাঁড়াতে পারেনি দলটি। গুটিয়ে গেছে ১৯.১ ওভার বাকি থাকতেই।

আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন জর্জ ডকরেল। এ ছাড়া ডোহেনির ৩৪ ও পল স্টার্লিংয়ের ২২ রানই বলার মতো। বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। এ ছাড়া নাসুম আহমেদ ৩, তাসকিন আহমেদ ২ ও সাকিব ১ উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে সাকিব ৮৯ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। অভিষিক্ত তৌহিদ হৃদয় করেন ৮৫ বলে ৯২ রান। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৬ বলে ৪৪ রান। ‍তাতেই ৮ উইকেটে ৩৩৮ রানের পুঁজি গড়ে স্বাগতিকরা। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে যা সর্বোচ্চ।

শুধু দলগত রেকর্ড নয়, টাইগারদের ব্যক্তিগত মাইলফলকও হয়েছে। সাকিব যেমন ৭ হাজার রানের মাইলফলক গড়েছেন। ওয়ানডে ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের ও ৩০০ উইকেটের ডাবলের কীর্তি তার।

ম্যাচসেরা হয়েছেন তৌহিদ হৃদয়। একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচ আগামী সোমবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত