বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি দেশকে ধ্বংস করেছে। তারা দেশের সব খেয়ে ফেলেছে। এখন বাংলাদেশের মানচিত্রটাও খেয়ে ফেলতে বসেছে। বিদেশি গণমাধ্যমও এখন সরকারের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করছে। আওয়ামী লীগের মূলনীতি দুর্নীতি আর টাকা পাচার।’
গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দেশকে উদ্বার করতে হলে দেশপ্রেমিক সরকার দরকার। তার আগে জনগণের শক্তি দিয়ে সরকারকে সরাতে হবে।’ রমজানের কারণে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা না করে মির্জা ফখরুল বলেন, ‘সামনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিপূর্বে যে কর্মসূচি ঘোষিত হয়েছে তা পালন করা হবে।’
রমজানের আগে সর্বশেষ যুগপৎ কর্মসূচি হিসেবে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আর শেখ হাসিনার মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। এই সরকারের দুর্নীতির ফিরিস্তি দিতে হলে এক-দুই দিনে হবে না, এক মাস সময় লাগবে। তাদের (আওয়ামী লীগ) প্রতিক্ষেত্রে দুর্নীতি।’
সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়নের চাকরির জন্যও ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। আমি বলেছিলাম, এ সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে। আরও আছে, তেল আমদানি খাত।’ তিনি বলেন, ‘সিআইডি বলেছে, দেশ থেকে প্রতি বছর হুন্ডির মাধ্যমে ৭৫ হাজার কোটি টাকা পাচার হয়। একটা বালিশ কিনেছে ৫ হাজার ৭০০ টাকায়। ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু ৩০ হাজার কোটি টাকায় বানিয়েছে। আবার নতুন শুরু করেছে পাতাল রেল। উদ্দেশ্য একটাই লুট। ২১ কিলোমিটার পাতাল রেলে খরচ হবে ৫২ হাজার কোটি টাকা।’
মির্জা ফখরুল বলেন, ‘কারাগারে যখন ছিলাম তখন ব্যাংকের টাকা লোপাট করা ব্যক্তিদের সঙ্গে আলাপ হয়েছে। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম এত টাকা কীভাবে কামালেন? জবাবে তারা বলেছেন, এটা তারা একা করেননি, তাদের সঙ্গে সরকারের আরও অনেকেই ছিলেন।’
মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ১২ দলীয় জোট রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের পেছনে, গণতন্ত্র মঞ্চ পল্টন মোড়ে, গণফোরামের একাংশ মতিঝিলে তাদের অফিসের সামনে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে।
