পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে দেশটির আদালত। তোশাখানা মামলায় হাজিরা দিতে গতকাল শনিবার ইমরান ইসলামাবাদ আদালতে উপস্থিত হন ইমরান। তাকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কায় আদালত প্রাঙ্গণে আগেই জড়ো ছিল পিটিআই-কর্মী সমর্থকরা। ইমরান পৌঁছানোর পর আদালত প্রাঙ্গণে বাড়ে উত্তেজনা, শুরু হয় পুলিশ-পিটিআই সংঘর্ষ, ছোড়া হয় রাবার বুলেট-টিয়ার গ্যাস এবং করা হয় লাঠিচার্জ। জবাবে পিটিআই কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। গোটা আদালত প্রাঙ্গণ পরিণত হয় রণক্ষেত্রে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, উত্তপ্ত পরিস্থিতি দেখে ইমরান খানকে আদালত প্রাঙ্গণ থেকে চলে যাওয়ার সুযোগ দেন বিচারক। ইমরান আদালত কক্ষে প্রবেশ করতে না পারলেও তিনি আদালতে উপস্থিত হয়েছেন এমনটি ধরে নেওয়া হয়। বিচারক সিদ্ধান্ত নেন গাড়ির ভেতর থাকা ইমরান খানের স্বাক্ষর নিয়ে সেদিনের মতো কার্যক্রম স্থগিত করা হয়।
বিচারক জাফর ইকবাল এ ব্যাপারে বলেন, ‘যা পরিস্থিতি, তাতে শুনানি চালানো সম্ভব নয়। এ কারণে এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের চলে যাওয়া উচিত। টিয়ারগ্যাস ও পাথর ছোড়ার কোনো কারণ নেই। আজ শুনানি হওয়া সম্ভব নয়।’ তিনি আরও জানান, আদালতে পিটিআইর চেয়ারম্যানের উপস্থিতি যেহেতু রেকর্ড করা হয়েছে, এটি পরে ঠিক করা যাবে আবার কবে শুনানি হবে।
আদালতে যাওয়ার আগে ৭০ বছর বয়সী ইমরান লাহোরে নিজ বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি একটি কমিটি গঠন করে দিয়েছি। আমি যদি কারাগারে যাই, তাহলে কমিটির সিদ্ধান্তে দল চলবে।’ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমার জীবনের জন্য হুমকি আগের চেয়ে এখন বেশি। রাজনৈতিক প্রতিপক্ষ এবং সামরিক বাহিনী আমাকে আগামী নির্বাচনে লড়তে না দিতে এসব করছে।’
এদিকে, ইমরান যখন লাহোরের জামান পার্কের বাড়ি ছেড়ে ইসলামাবাদ আদালতের পথে, তখন তার বাড়িতে অভিযান শুরু করে পাঞ্জাব পুলিশ। বাড়ি ঘিরে রাখা পিটিআইর কর্মীদের সঙ্গে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। সেখান থেকে ৩০ জনকে আটক করে পুলিশ। বাড়িতে পুলিশি অভিযানের তীব্র ধিক্কার জানিয়েছেন ইমরান। অনলাইনে প্রকাশিত তার ভাষ্য, ‘জামান পার্কে আমার বাড়িতে আমার স্ত্রী বুশরা একা রয়েছেন। আর তখন পুলিশ ঢুকে পড়েছে। কোন আইনে তারা এসব করছে?’
ডন আরও জানায়, ইমরানের জামান পার্কের বাড়ি থেকে বোমা তৈরির উপকরণ পাওয়া গেছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তবে শনিবার ইমরান গ্রেপ্তার না হওয়ায় পাকিস্তানের পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি টুইটারে বলেন, ‘যাক, বড় কোনো বিপর্যয়কর ঘটনা ছাড়াই দিনটি পার হলো। ’
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলছে। তোশাখানা মামলায় তাকে গ্রেপ্তার করতে দুই দফা জামান পার্কে অভিযান চালায় পুলিশ। কিন্তু দুই দফায় তারা ব্যর্থ হয়। পরে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তারের অভিযান বাদ দেয় পুলিশ।
