২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। চাইলেও ১৬ বছর আগের অনুভূতি আর ফিরে পাবেন না তিনি। চিত্রটা ভিন্ন হলো কাল। না চাইতে সেই অনুভূতি ফিরে পেয়েছেন বলে জানান সাকিব নিজেই। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে স্নাতক পাসের কালো টুপিটা পরার সময় টেস্টের টুপি পাওয়ার আমেজ পেয়েছেন সাকিব। তাকে সনদপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২০০৯-১০ মৌসুমে বিশ্ববিদ্যালয়টির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন সাকিব। ১৪ বছর পর পেলেন পাসের সনদপত্র। খেলার ব্যস্ততার কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লেগেছে তার। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, ‘আমি মঞ্চে ভালো বক্তা না। সবসময়ই নার্ভাসনেস কাজ করে। আজ সেই রকম অবস্থা হয়েছে, অনেকটা নার্ভাস ঠিক যেমন আমার প্রথম টেস্টের টুপি পাচ্ছিলাম ওই দিনের মতো। ২০০৯ সালের দিকে...আমার ততদিনে খেলোয়াড় হওয়ার তিন বছর পার হয়েছে তখনো আমার মা ফোন দিয়ে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাস করত। আজ আমি খুব খুশি ও গর্বিত যে অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে। ক্রিকেট মাঠে হয়তো অনেক কিছু অর্জন করেছি কিন্তু এটা আমার স্বপ্ন ছিল।’
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে স্কুল ও কলেজের পাঠ সম্পন্ন করা সাকিব এখন গ্র্যাজুয়েট। তার সঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। বিজয় সমাবর্তনে এলেও মাহমুদউল্লাহ উপস্থিত ছিলেন না।
