র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিরুদ্ধে যদি অভিযান পরিচালনা করা না হতো তাহলে হলি আর্টিজানের চেয়েও বড় ধরনের নাশকতা হতে পারত। যখনই জঙ্গিরা মাথাচাড়া দিয়েছে তখনই অভিযান পরিচালনা করে জঙ্গিদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে র্যাব।
গতকাল রবিবার সংস্থাটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব কথা বলেন তিনি। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
র্যাব প্রধান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব জঙ্গি, জলদস্যু, মাদক, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’ জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল দাবি করে র্যাব প্রধান বলেন, ‘জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতির আলোকে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
