দিনাজপুরে যাত্রীবাহী বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে পিকআপের চালকসহ ৩ জন নিহত ও বিআরটিসি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার ২নম্বর সুন্দরবন ইউনিয়নের দরবাপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক।
দুর্ঘটনায় নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৩০), রানীরবন্দর গ্রামের সামসুল রহমানের ছেলে সোহান (২৫) ও রানীরবন্দর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৮)।
মঞ্জিল হক বলেন, সন্ধ্যা পৌনে ছয় বিআরটিসির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যানের পুরাতন ব্যাটারী নিয়ে দশমাইলের দিকে আসছিল। পথিমধ্যে দরবারপুর নামকস্থানে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালকসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনায় বিআরটিসি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
