পাঁচ নারীসহ সড়কে প্রাণ গেল ১৭ জনের

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৫:৪২ এএম

বান্দরবানের পাহাড়ি এলাকায় দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে প্রাণ গেছে ছয়জনের, যার মধ্যে পাঁচজনই নারী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে রুমা-বগালেক সড়কের কমলাবাজার খাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত রবিবার মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ জনের মৃত্যুর পরদিনই এ দুর্ঘটনা ঘটল।

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আরও ১১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। এর মধ্যে দিনাজপুর সদরে বাস ও পিকআপের সংঘর্ষে তিন, হবিগঞ্জে মোটরসাইকেল আরোহী শিশু, বগুড়ায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক এবং স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক, গোপালগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় দুজন, পিরোজপুরে বাস দুর্ঘটনায় আইনজীবী এবং রাজধানীর আজিমপুরে গাড়ির ধাক্কায় বাসের হেলপার নিহত হয়েছেন।

বান্দরবানে রুমা-বগালেক সড়কে দুটি ট্রাক পাশাপাশি চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আরেকটির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়, আর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে বান্দরবান সদর হাসপাতালে এবং চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী জানান, গতকাল বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, আহত ও নিহতরা রেমাক্রী ইউনিয়নের থাইক্ষ্যংপাড়ার বাসিন্দা। তারা সবাই ভিজিডির চাল নেওয়ার জন্য রুমা সদরে যাচ্ছিলেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান, থাইক্ষ্যংপাড়া থেকে ২০ জন নারী-পুরুষ ট্রাকে করে রুমার দিকে যাচ্ছিলেন। পথে বগালেক পাহাড় থেকে নামার সময় খালি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ট্রাকের ওপরে এসে পড়ে। পরে পাহাড়ের উঁচুতে রাস্তার মধ্যে দুটি ট্রাক কয়েকবার পল্টি খেয়ে পাশের খাদে পড়ে যায়।

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩ : দিনাজপুর সদর উপজেলায় বিআরটিসির যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছে। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের দরবাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৩০), রানীরবন্দর গ্রামের সামসুল রহমানের ছেলে মো. সোহান (২৫) ও রানীরবন্দর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৮)।

মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুর মৃত্যু : হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদিয়া নামে আট বছরের এক শিশু  নিহত হয়েছে। গতকাল দুপুরে বাবা কাইয়ুম মিয়ার সঙ্গে মোটরসাইকেলে করে নাসিরনগর থেকে বাড়ি যাচ্ছিল সাদিয়া। পথে আদাঐর বড় মসজিদের কাছে পৌঁছালে একটি মাহিন্দ্র পাওয়ারটিলার পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাদিয়া গুরুতর আহত হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য কাইয়ুমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। সাদিয়ার বাড়ি সম্পদপুর গ্রামে। তার মা আদাঐর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর  সংরক্ষিত আসনের মেম্বার মিনারা খাতুন।

বগুড়ায় নিহত ৩ : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় সাদ্দাম হোসেন (৩৭) নামে মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সাদ্দাম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুড়াইল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে এবং বগুড়া শহরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে বগুড়ায় চলন্ত একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় আশরাফুজ্জামান বিশ্বাস (৪৩) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল ভোরে বৃষ্টি চলাকালে নন্দীগ্রাম উপজেলায় বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিডস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক আশরাফুজ্জামান বিশ্বাস যশোরের মনিরামপুরের বার পাড়ার বুধই বিশ্বাসের ছেলে।

এ ছাড়া বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শহরের বগুড়া-রংপুর মহাসড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আনিছার রহমান সদরের ফাঁপড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে।

কাশিয়ানীতে ট্রাকে পিষ্ট হয়ে নিহত ২ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়াপাড়া-নড়াইল-খুলনা সড়কের শংকরপাশা এলাকায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কালনা ফেরিঘাট থেকে আসা একটি অটোভ্যানকে একই দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে ইকরাম শেখ (৫৫) মারা যান। আর ভ্যানটির যাত্রী শংকরপাশা গ্রামের খোরশেদ শেখের ছেলে  আহাদ শেখ (৪৫) এবং একই গ্রামের বারিক শেখের ছেলে চুন্নু শেখকে (৪০) গুরুতর আহত অবস্থায় কাশিয়ানী হাসপাতালে আনার পথে আহাদ সরদার মারা যান।

মঠবাড়িয়ায় আইনজীবী নিহত : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। গতকাল ভোরে মঠবাড়িয়া-চরখালী সড়কের মিঠাখালী গ্রামের খান সাহেবের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অবিনাশ চন্দ্র মিত্র (৬৫) মঠবাড়িয়ার আঙ্গুলকাটা গ্রামের প্রয়াত উপন্দ্রেনাথ মিত্রের ছেলে। তিনি উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

আজিমপুরে গাড়ির ধাক্কায় হেলপারের মৃত্যু : রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির ধাক্কায় সানোয়ার হোসেন (২০) নামে বাসের এক হেলপারের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী এলাকায়। রাজধানীর আজিমপুর এলাকায় থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে আজিমপুর বাসস্ট্যান্ডে দেওয়ান পরিবহনের একটি বাস থামে। বাসটির হেলপার সানোয়ার নিচে নেমে যাত্রী ওঠানোর জন্য ডাকাডাকি করছিলেন। এ সময় বেপোরোয়া গতির একটি গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতারা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত