মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলো উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ১৬৭ সুবিধাভোগী পরিবারের মধ্যে ঘরগুলোর চাবি হস্তান্তর করা হবে বলে জানান সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন।
ইউএনও জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ১৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে।
এছাড়াও মৌলভীবাজার সদর উপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ১১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করছেন ইউএনও মো. শরীফ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
