কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে শেষ ম্যাচে দাপট দেখিয়েছিল জার্মানি। তুলে নিয়েছিল ৪-২ ব্যবধানের জয়। তবে সেই ম্যাচ জিতলেও টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। তারপর কেটে গেছে প্রায় ৫ মাস। অনেকটা নির্বাসনেই চলে গিয়েছিল তারা। অবশেষে আড়াল থেকে বেরিয়ে আসছে জার্মানরা।
আগামী ২৫ মার্চ রাতে তারা খেলবে আন্তর্জাতিক ম্যাচ। প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হবে পেরুর বিপক্ষে। বুন্দেসলিগার দল মেঁজের মাঠ মেওয়া অ্যারেনাতে খেলতে নামবে দুই দল। বিশ্বকাপের পর তো বটেই, নতুন বছরেও এটা তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।
ইতোমধ্যে সেই ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। দলে আছে বেশকিছু নতুন মুখ। অনূর্ধ্ব-২১ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতা জোশা ভ্যাগনোম্যান, মের্গিম বেরিশা, মারিয়াস উলফ, ফেলিক্স এনমেচা এবং কেভিন শেডে প্রথমবারের মতো জার্মানির জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন।
তবে ফ্লিকের ঘোষিত সেই দলে নেই জার্মান অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। নয়্যার দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন। সেরে উঠতে তার এখনও অনেক সময় লাগবে। তবে নতুন করে চোটে পড়া জামাল মুসিয়ালার খবরটি কাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ ফ্লিক নিজে। আর কারণে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার নাম।
হ্যামস্ট্রিং চোটের কারণে জার্মানি দল থেকে সরিয়ে নেয়া হয়েছে জামাল মুসিয়ালাকে। ফলে পেরু ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না বায়ার্ন মিউনিখের এই তরুণ ফরোয়ার্ড। ২০ বছর বয়সী এই ফুটবলার কবে চোট পেয়েছেন কিংবা সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে জাতীয় দল বা ক্লাবের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
চোটে পড়ার আগে চলতি মৌসুমে বায়ার্নের হয়ে দারুণ ছন্দে ছিলেন মুসিয়ালা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন তিনি। এই মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন শীর্ষে (১১ গোল)। দ্বিতীয় জার্মান খেলোয়াড় হিসেবে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন মুসিয়ালা। তার আগে কাঁধের চোটে ছিটকে যান ডিফেন্ডার আর্মেল বেলা-কোচাপ। বেলা-কোচাপের বদলি হিসেবে এসি মিলানের ডিফেন্ডার মালিক চাও দলে এসেছেন। তবে মুসিয়ালার জায়গায় অন্য কোনো ফুটবলারকে নেওয়া হয়নি।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে জার্মানি। আগামী শনিবার পেরু মিশন শেষে তারা তিন দিন পর বেলজিয়ামের মুখোমুখি হবে।
জার্মানির ঘোষিত দল
গোলরক্ষক : বার্ন্ড লেনো, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।
ডিফেন্ডার : আরমেল বেলা কোটচাপ, ম্যাথিয়াস গিন্টার, ক্রিশ্চিয়ান গুন্টার, থিলো কেহেরার, ডেভিড রাউম, নিকো স্লোটারবেক, জোশা ভ্যাগনোম্যান, মারিয়াস উলফ।
মিডফিল্ডার/আক্রমণ : মের্গিম বেরিশা, এমরে ক্যান, নিকলাস ফুলক্রুগ, সার্জ গ্যানাব্রি, লিওন গোরেটজকা, মারিও গোটজে, কাই হাভার্টজ, জশুয়া কিমিচ, ফেলিক্স এনমেচা, কেভিন শেড, টিমো ওয়ার্নার, ফ্লোরিয়ান উইর্টজ।
