অন্তর্জালে ‘পারাপার’

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৭:১০ পিএম

নতুন গান নিয়ে হাজির হলেন জলের গান ব্যান্ডের অন্যতম স্রষ্টা ও কণ্ঠশিল্পী কনক আদিত্য। গানের শিরোনাম ‘পারাপার’। জিয়াউর রহমানের কথা ও সুরে এর সংগীত আয়োজন করেছেন নীল।

সম্প্রতি গানটি উন্মুক্ত হয়েছে ইউটিউবে। গানটি প্রকাশের পর নিজের ফেসবুকে পোস্ট করে কনক লিখেন, প্ল্যানটা অনেক দিনের। আসলে অনেক বছরের। দুইজনে একসাথে একটা গান করবো। মানে জিয়া লিখবে সুর করবে আর আমি গাইবো। ঠিক হয়ে উঠছিলনা। অবশেষে আজ পূর্ণ হতে চলেছে আমাদের সেই স্বপ্ন। ‘পারাপার’ আমাদের নতুন গান। গানের একটা অংশ এখানে পোস্ট করছি। পুরোটা শুনতে যেতে হবে আমার বা জিয়ার ইউটিউব চ্যানেলে।

এর আগে গানটি নিয়ে জিয়াউর রহমান জানিয়েছিলেন, ‘‘পারাপার’ ভয়ানক নিঃসঙ্গ অনুভূতির গান। নিজের ভেতরে হাহাকার আর আর্তচিৎকারের গান। সব কথা সবাই বলতে পারে না। ভেতরেই থেকে যায়। বেদনার অনুভূতি নীল থেকে গভীর নীল হয়। হৃদয়ে বেঁচে থাকে অসহায় বনসাই। পারাপার মিলিয়ন মিলিয়ন ভিউয়ের ট্রেন্ডিং গান নয়। একজন শুনলেও সে যদি নিজে থেকে দ্বিতীয়বার গানটি শোনার আগ্রহ প্রকাশ করে; সেখানেই আমার সার্থকতা।’

এছাড়াও তার বন্ধু কনক আদিত্য প্রসঙ্গে আক্ষেপ করে তিনি বলেছিলেন, ‘আমার এই অসাধারণ কণ্ঠের বন্ধুর ওপর আমি রীতিমতো ক্রুদ্ধ! ওর কণ্ঠে রিলিজড গানের সংখ্যা এত কম থাকবে কেন? দেড়, দুইশ রিলিজড গান থাকা উচিত ওর। এরকম সুন্দর কণ্ঠ সবার থাকে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত