যুক্তরাষ্ট্রে খেলবেন ফিঞ্চ-প্লাঙ্কেট

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৯:২৪ পিএম

নতুন এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যেখানে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য লিয়াম প্লাঙ্কেট ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

মেজর ক্রিকেট লিগ নামের এই টুর্নামেন্টে সান ফ্রান্সিসকো ইউনিকোর্নের হয়ে খেলবেন ফিঞ্চ-প্লাঙ্কেট।

মোট ছয়জন বিদেশি খেলোয়াড় খেলবেন এই আসরে। যেখানে ফিঞ্চ ছাড়াও রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কুইন্টন ডি ককও। স্ত্রী যুক্তরাষ্ট্রের হওয়ার সুবাদে ইংলিশ পেসার প্লাঙ্কেট ঘরোয়া ক্রিকেটার হিসেবেই খেলবেন টুর্নামেন্টটিতে।

প্লাঙ্কেট ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। বেশ ক’বছর ধরেই যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ফিঞ্চ গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। সান ফ্রান্সিসকো ইউনিকোর্নের নেতৃত্ব দেবেন তিনিই।

ফিঞ্চের দলে বিদেশি হিসেবে আরও খেলবেন মার্কাস স্টয়নিস। ডি কক খেলবেন সিয়াটেল অরকাসের হয়ে। যে দলে খেলবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শও।

ডিসি ফ্রিডমে খেলবেন শ্রীলঙ্কান স্পিন বোলিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও প্রোটিয়া ফাস্ট বোলার আনরিক নরকিয়া।

টেক্সাসে ১৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

২০১৯ সালে আইসিসির সহযোগী সদস্য দেশের মর্যাদা পায় যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে পূর্ণ সদস্যপদ পাওয়ার লক্ষ্য তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত