বাংলা গানের হাওয়া বদলের যে যাত্রা শুরু করেছিল ‘উইন্ড অব চেঞ্জ’ সে হাওয়া এখনো থামেনি। গতকাল উইন্ড অব চেঞ্জ-এর নতুন গান প্রকাশিত হলো। ‘দুই কুলে সুলতান’ গানটি উৎসর্গ করা হয়েছে এর কথা ও সুরের অমর স্রষ্টা কিংবদন্তি লোকশিল্পী গফুর হালিকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ঐশী। বরাবরের মতো সংগীতায়োজনে ছিলেন তাপস। শিবামনির ঝড়ো পারকেশান কিংবা আরশাদ খানের জাদুকরী এসরাজ, আনা রাকিতার ধ্রুপদী ভায়োলিন কিংবা মিকাল হাসানের ইলেক্ট্রিক গিটারের সুরের মতো দেশ বিদেশের খ্যাতনামা মিউজিশিয়ানদের সুর-সিম্ফনিতে ফের আলোড়িত হবেন শ্রোতারা। দীর্ঘদিন পর ‘উইন্ড অব চেঞ্জ’-এ নিজের নতুন গান প্রকাশে দারুণ উচ্ছ্বসিত এ শিল্পী। তার ভাষ্যে, ‘আমরা ইতিমধ্যেই বুঝে গেছি বাংলা গানের আন্তর্জাতিক প্লাটফর্ম হিসেবে উইন্ড অব চেঞ্জ-এর ভারটা আসলে কতটুকু। ভার বলছি এ জন্য, পুরো বিশ্বের সব শ্রেষ্ঠ মিউজিশিয়ানদের নিয়ে এভাবে বাংলা গানকে উপস্থাপন করা এবং সফলভাবে উপস্থাপন করা এবং মানুষের মনে স্বকীয়তা থেকে জায়গা দখল করা এটা একটা বড় চ্যালেঞ্জ। সে জায়গা থেকে উইন্ড অব চেঞ্জ সম্পূর্ণভাবে সাকসেসফুল। আমাদের দেশের মানুষকে উইন্ড অব চেঞ্জ অনেক সফল গান উপহার দিয়েছে।’ ‘উইন্ড অব চেঞ্জ’-এ ঐশীর কণ্ঠে আগের দুটি গান ‘দিল কি দয়া হয় না’ ও ‘নিজাম উদ্দিন আউলিয়া’ দারুণ শ্রোতাপ্রিয়তা অর্জন করে। তারই ধারাবাহিকতায় নতুন গানটি প্রসঙ্গে এশী বলেন, ‘‘উইন্ড অব চেঞ্জ এ গান প্রকাশ মানেই আমার জীবনেও একটা নতুন মোড়। রেকর্ডিং-এর অনেকদিন পর প্রকাশিত হলো ‘দুই কুলে সুলতান’। গানটার সংগীতায়োজন এত স্ট্রং আর এত এত শ্রেষ্ঠ মিউজিশিয়ানদের সামনে বাংলা গান গাইতে পারাও দারুণ একটা গর্বের ব্যাপার ছিল। এর সম্পূর্ণ কৃতিত্ব তাপস ভাই ও প্রিয় ফারজানা মুন্নী ভাবির।’’
×
