চীনের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা শি-পুতিনের

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০২:২২ এএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে পেইচিংয়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। গত সোমবার শির মস্কো সফরের প্রথম দিনে দুই নেতার মধ্যে এ আলোচনা হয়। গতকাল মঙ্গলবারও বৈঠক করেন দুই নেতা। ওই বৈঠকে চীনা প্রেসিডেন্ট দুই দেশকে কৌশলগত পার্টনার এবং বড় প্রতিবেশী শক্তি বলে বর্ণনা করেছেন। এ ছাড়া পুতিনকে এ বছর তার সময়-সুযোগমতো চীন সফরের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, মস্কোর সঙ্গে যোগাযোগকে তিনি অগ্রাধিকার দেবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল জানান, দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুজন বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। আলোচনা হয়েছে বেইজিংয়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়েও। তবে এসব আলোচনা নিয়ে বিস্তারিত জানাননি পেসকভ। বলেছেন, মঙ্গলবার দুই দেশের পক্ষ থেকে পুতিন-শির বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা।

আলজাজিরা জানাচ্ছে, সফরের প্রথম দিন দুই প্রেসিডেন্ট চার ঘণ্টারও বেশি সময় কথা বলেছেন এবং দুজন দুজনকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করেছেন। দুই নেতাই প্রতিশ্রুতি দেন, দ্বিতীয় দিন তাদের আলোচনায় অন্যান্য বিষয়ের মধ্যে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও স্থান পাবে।

চীন সরকার বলে আসছে, এই যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থান পক্ষপাতহীন, কিন্তু পশ্চিমারা মনে করছেন, চীনের শান্তি পরিকল্পনা আসল উদ্দেশ্য আড়াল করার জন্য একটা ধোঁয়াটে পর্দার মতো এবং এই পরিকল্পনাকে সামনে রাখলে পেইচিংয়ের পক্ষে রাশিয়ার আক্রমণকে সমর্থন করা সহজ হবে।

তবে জানা যাচ্ছে যে শি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে শি ও জেলেনস্কির মধ্যে কোনো কথা হয়নি।

প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর শি চিনপিংয়ের প্রথম বিদেশ সফর এটি। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারে তৎপরতা বাড়িয়েছে পেইচিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত