দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে আবার ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগের দিনও সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। তাতে দুদিনের ব্যবধানে সোনার দাম প্রতি ভরিতে কমছে ২ হাজার ৩৩২ টাকা। যদিও গত রবিবার একলাফে ভরিতে বাড়ানো হয়েছিল ৭ হাজার ৬৯৮ টাকা।
জুয়েলার্স সমিতি গতকাল বুধবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানায় রাত ৮টায়। সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাম কমায় আজ থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়াবে ৯৬ হাজার ৪৬১ টাকা। গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯৭ হাজার ৬২৮ টাকা। সে হিসাবে প্রতি ভরিতে দাম কমছে ১ হাজার ১৬৬ টাকা।
এ ছাড়া আজ থেকে ২১ ক্যারেটের সোনার ভরি ৯২ হাজার ৮৭, ১৮ ক্যারেট ৭৮ হাজার ৯০৭ এবং সনাতন পদ্ধতির সোনা ৬৫ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হবে। গতকাল প্রতি ভরি ২১ ক্যারেট ৯৩ হাজার ৬২৮, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৬৬ হাজার ৫৪৩ টাকায়।
