মক্কার পবিত্র মসজিদে হারামে রমজানের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনাকাল পেরিয়ে এবার তারাবিতে সাধারণ মানুষ অংশ নিয়েছেন। ফলে তারাবির সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। চলতি রমজানের প্রথম তারাবিতে ইমাম হিসেবে ছিলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি ও শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। স্থানীয় সময় গত বুধবার রাতে অনুষ্ঠিত এ নামাজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিরা।
এশার নামাজের পর রমজান উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস। বিশ্বের মুসলিমদের মরজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘রমজান মাস আল্লাহতায়ালার বিশেষ অনুগ্রহ লাভের মাস। এ সময়ে মহান আল্লাহর নিষ্ঠাপূর্ণ আনুগত্যের মাধ্যমে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের মধ্যে সময় কাটানো সবার কর্তব্য।’ এবার পবিত্র মসজিদে হারামে পাঁচজন ইমাম তারাবির নামাজ পড়াবেন। তারা হলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়াদ আল জুহানি, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ। তারা রমজানের শেষ ১০ দিনেও তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
