সকাল
‘বড় ভাই, গাবতলী কোন দিকে?’ কিছুটা দৌড়ে এসে জানতে চায় এক ছেলে। হাতের ইশারায় বাম দিকের রাস্তা দেখিয়ে বলি, ‘এখান থেকেই বাসে উঠতে হবে।’ ছেলেটি ফের জানতে চায়, ‘আমার কাছে টাকা নাই। গাবতলীতে হাঁইটা যাইতে কতক্ষণ লাগবে?’ বলি, ‘সে তো অনেক টাইম লাগবে। ঘণ্টাখানেক তো লাগবেই।’
ছেলেটি সূর্যের দিকে একবার তাকিয়ে নেয়। তারপর দেখানো রাস্তা ধরে হাঁটতে থাকে। তার পায়ের দিকে আমার চোখ যায়। দুটি পা-ই খালি। ডান পায়ের তালু আবার গামছার কিছু অংশ দিয়ে বাঁধা। মনে হচ্ছে সেখানে কোনো ঘা রয়েছে বা কেটে গেছে। পরনে পুরনো একটা জিন্সের প্যান্ট; নিচের দিকটা ছেঁড়া ও কাদামাখা। গায়ে চেক ফুলশার্ট। মুখভরা ব্রণ। গোঁফ গজাচ্ছে। হাতে একটি লুঙ্গি!
আমি বলি, ‘এখানে ওয়েট করো, বিআরটিসি বাস এলে উঠে পড়বে। বলবে, টাকা নাই!’ ছেলেটি বলে, ‘আরে নাহ। টাকা না থাকলে ম্যালা কথা শুনতে হবে।’ সে গায়ে চাদর জড়ানোর মতো করে লুঙ্গিটি জড়িয়ে হাঁটতে থাকে। আমি তাকিয়ে থাকি তার দিকে। ইসিবি-চত্বর বাসস্ট্যান্ড থেকে বসুমতী কিংবা রবরব পরিবহনে গাবতলীর ভাড়া ৩০ টাকা। বিআরটিসিতে ১০ টাকাতেই হবে। ছেলেটিকে কি আমি টাকাটা দেব? তাকে কি থামতে বলব? আমি সিদ্ধান্ত নিতে পারি না। ছেলেটি হেঁটে চলছে তো চলছেই! আমার বাস চলে আসে।
বিকেল
রঙিন কাগজে মোড়ানো প্যাকেট হাতে একটি ছেলে দাঁড়িয়ে আছে। সাদা অ্যাপ্রন পরা মেয়েটি এসে তার পাশেই দাঁড়ায়। ইসিবি-চত্বরে পৌঁছামাত্র বৃষ্টি ধরে ফেলে আমাকে। বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানের সামনে আশ্রয় নিই। আমার সঙ্গে আরও কয়েকজন।
কিছুক্ষণ পর কানে এলো একটি শব্দ। কীসের শব্দ? গাড়ির হর্ন, রিকশার বেল আর বৃষ্টির শব্দকে ছাপিয়ে যেটি আমাদের কানে এলোÑ গ্লাস ভাঙার শব্দ। ডান পাশে তাকাতেই দেখি ফুটপাতে একটি অর্ধেক লাল রঙের ভাঙা মগ পড়ে আছে, যেখানটায় সাদা অ্যাপ্রন পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। আমাদের সবার চোখ সেদিকে চলে যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মেয়েটির চেহারা দেখা যায় না। ছেলেটির চেহারা দেখা যাচ্ছে।
শুনতে পেলাম মেয়েটি বলছে, ‘আর কক্ষনো গিফট দিবা না। ছেলেটি বৃষ্টিতে ভিজছে; মেয়েটি ছাতা মাথায় দাঁড়িয়ে। ছেলেটি একেবারে চুপ, মুখটা মলিন।
‘বুঝলা?’ এবার মেয়েটির গলা বেশ চড়া; ধমকের সুর। ততক্ষণে ছেলেটি ফুটপাতে বসে পড়েছে। বৃষ্টির পানি আর তার চোখের পানি একাকার হয়ে যাচ্ছে। আমরা সবাই দেখছি। ছেলেটি আর মেয়েটিও আমাদের দেখছে। কোনো শব্দ নেই। মেয়েটি অকারণে দাঁড়িয়ে আছে, ছেলেটিও অকারণে বসে আছে। এ দৃশ্যের যেন সমাপ্তি নেই!
ছেলেটি মেয়েটিকে পছন্দ করে; মেয়েটি করে না। গিফট ছুড়ে দিয়েই মেয়েটির হাঁটা দেওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। কৌতূহল বাড়ছে আমাদের।
যাব যমুনা ফিউচার পার্কে। বৃষ্টির মধ্যেই রাস্তা পার হয়ে ইসিবি-চত্বরের ডান পাশে গিয়ে দাঁড়াই। জাবালে নূর কিংবা আকিক পরিবহনের জন্য অপেক্ষা করছি আর ওই মেয়ে আর ছেলেটির দিকে তাকিয়ে আছি। মিনিট দশেক পর দেখি, মেয়েটি চলে যাচ্ছে মাটিকাটা বাজারের দিকে। কিন্তু ছেলেটি সেখানেই বসে আছে।
আমি ছেলেটির কথা ভাবছি। ভাবছি বৃষ্টির কথাও। কী দারুণ কম্বিনেশন! হয়তো কিছুক্ষণ পর ছেলেটি উঠে চলে যাবে।
জাবালে নূর চলে এসেছে। আমি উঠতে যাব, ঠিক তখনই দেখি মেয়েটি ফিরে আসছে ছেলেটির দিকে। বাসে আর ওঠা হয় না আমার। শেষ দৃশ্য দেখার জন্য বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকি।
মেয়েটি বেশ দূরে চলে গিয়েছিল; কিন্তু ফিরল কেন? আমার হিসাব মেলে না। মেয়েটি ছেলেটির পায়ের কাছে পড়ে থাকা অর্ধেক ভাঙা মগটি তুলে নিল। ভাবলাম, রাগ কমেছে। ছেলেটির এভাবে বসে থাকা ওর মনে দাগ কেটেছে। কিন্তু নাহ। মেয়েটি অর্ধেক ভাঙা মগটি আবারও ছুড়ে ফেলে দিল ফুটপাতে। এবার মগটি টুকরো টুকরো হয়ে গেল। লাল রঙের মগটির টুকরো অংশগুলো দেখে মনে হলো, ছেলেটির হৃদয়টাও টুকরো হয়ে ফুটপাতে পড়ে গেল। আমি বাসে উঠে পড়ি।
সন্ধ্যা
সন্ধ্যা ৭টা। সাত-আট বছরের একটি মেয়ে দাঁড়িয়ে আছে ইসিবি-চত্বরের একটি দোকানের সামনে। আমাকে দেখেই কী যেন বলে। আমি বুঝতে পারি না। পরের কথাটা ঠিকই বুঝতে পারি। সে আইসক্রিম খাবে। আমাকে বলে, ‘একটা আইচকিরিম কিনে দিবেন?’
আমি মানিকদি এলাকার দিকে যাব। রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছি। রিকশা, বাইক, প্রাইভেট কার, বাস, ট্রাক যাচ্ছেই। কোনো বিরাম নেই। মেয়েটিকে বলি, ‘তোদের বাসা কোথায়?’ মেয়েটি উত্তর না দিয়ে কয়েক বিল্ডিং পরের একটি বাসা দেখিয়ে বলে, ‘আমার মায় ওই বাসায় কাজ করে।’
রাস্তাঘাটে প্রায়ই সাত-আট বছরের ছেলেমেয়েদের আবদারের পাল্লায় পড়তে হয়। কখনো প্রশ্রয় দিই, আবার কখনো এড়িয়ে যাই। আজকেও বিষয়টি এড়িয়ে রাস্তা পার হতে যাব এমন সময় অজান্তেই পেছন ফিরে তাকাই। দেখি, মেয়েটিও আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের ভাষা বোঝার চেষ্টা করি। পারি না। তবে মনে হলো ওর চোখ কী যেন বলতে চায়। আমার পা থেমে যায়। বলি, ‘একটু দাঁড়া, আইসক্রিম কিনে দিচ্ছি।’
মেয়েটিকে দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে ঢুকলাম ভেতরে। একটি ইগলু চকবার কিনলাম। দোকানদারের কাছে ভাংতি না থাকায় তিনি দুটি চকলেটও ধরিয়ে দিলেন। আমি মেয়েটির হাতে চকবারটি ধরিয়ে দিই। মেয়েটি আমার মুখের দিকে একবার তাকিয়েই দৌড়। দুটো চকলেট আর দেওয়া হয় না। মেয়েটি আইসক্রিম হাতে নিয়েই রাস্তা দ্রুত পার হয়ে মানিকদির দিকেই যাচ্ছে। আমিও ওর পেছন পেছন দ্রুত হাঁটছি।
ইসিবি-চত্বর পার হয়ে মেয়েটি মানিকদির দিকে যেতে লাগল। মেয়েটি আইসক্রিম না খেয়ে কোথায় যাচ্ছে! আমার কৌতূহল বাড়ে। ওকে ফলো করতে থাকি। মেয়েটি কিছুদূর গিয়ে থামে। আমিও থামি। কবরস্থানের দেয়ালের পাশের ফুটপাতে এক বৃদ্ধার পাশে গিয়ে বসে পড়ে। আমি একটু দূরে মোবাইলে কথা বলার ভঙ্গিতে দাঁড়িয়ে। ‘ও দাদি, তোমার লাইগা আইচকিরিম আনছি।’ নিয়নলাইটের আলোয় তার চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। তবে বয়সের ভারে সে যে ন্যুব্জ সেটা বুঝতে পারছিলাম।
রাত
স্রেফ এক সেকেন্ড। হাইড্রোলিক ব্রেক না থাকলে কী যে ঘটত! তাকিয়ে দেখি, আমার বাইকের সামনে এক নারী দাঁড়িয়ে; তার কোলে এক-দেড় বছরের এক বাচ্চা। ফুটপাত থেকে হুট করে নেমে ওই নারী আমার বাইকের সামনে; আমার দিকে হাত বাড়িয়ে আছেন।
রাত ১১টা। অফিস থেকে বাসায় ফিরছি। বাইকের গতি ৩০ থেকে ৩৫ কিলোমিটার। জিল্লুর রহমান ফ্লাইওভার পার হয়ে শুধুই মাটিকাটা ফুটওভার ব্রিজ পার হয়েছি। ইসিবি-চত্বরে আসামাত্রই ওই নারী সামনে এসে পড়লেন।
বাইক থামিয়ে ধমক দিতে যাব। কিন্তু সড়কবাতির আলোয় চোখ যায় তার কোলে থাকা বাচ্চার দিকে। ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। বাইকটার ব্রেক কষে দাঁড়িয়ে যাই। নারী বলেন, ‘মাইয়াডা না খায়া আছে। কিছু টাকা দেবেন?’ আমার বুকটা ধুক করে ওঠে।
