দেশে অসহনীয় ঘোর দুর্দিন বিরাজ করছে : ফখরুল

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৫:৩১ এএম

দেশের মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ কারণে দেশে আজ এক অসহনীয় ঘোর দুর্দিন বিরাজমান।’

গতকাল বৃহস্পতিবার কালো দিবস (হুসেইন মুহম্মদ এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখল) উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৮২ সালের ২৪ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই দিনে সামরিক ফরমান জারি করে শহীদ জিয়ার পুনরুজ্জীবিত বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল বাক, ব্যক্তি, বিবেক, মুদ্রণ ও সমাবেশের স্বাধীনতাসহ মানুষের সকল নাগরিক স্বাধীনতা। এই দিনটিতে স্বৈরাচার এরশাদ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে ইতিহাসের নির্লজ্জ স্বৈরতন্ত্র কায়েম করে।’ তিনি বলেন, এরশাদ কেবল ক্ষমতা দখল করে ক্ষান্ত থাকেননি বরং জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে দীর্ঘ ৯ বছর দেশবাসীকে এক চরম বিভীষিকাময় দুর্বিষহ অবস্থার মধ্যে নিক্ষেপ করেছিলেন। অনৈতিক রাজনৈতিক কর্মকান্ড, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সীমাহীন দুর্নীতিই স্বৈরাচারী শাসনের অবলম্বন হয়ে দাঁড়ায়। ৯ বছর ছাত্র-গণআন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে স্বৈরশাসকের পেটোয়া বাহিনী গুলি চালিয়ে হত্যা করে অসংখ্য ছাত্র-জনতাকে। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতির জীবনে এক কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছিল।

বিএনপি মহাসচিব বলেন, ‘সেই স্বৈরশাসকের সঙ্গে অভিন্ন বৈশিষ্ট্যের বর্তমান অগণতান্ত্রিক শাসকগোষ্ঠীর আঁতাত পুনরায় বহুমাত্রিক গণতন্ত্রের পথচলাকে আটকে দিয়ে দেশের মানুষকে খাঁচায় বন্দি করে। দেশে এখন মানুষের বাক, ব্যক্তি, মতপ্রকাশের স্বাধীনতাসহ সকল নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অপহরণ করা হয়েছে। গণতন্ত্র চিরস্থায়ীভাবে দেশ থেকে বিদায় করে দেওয়ার লক্ষ্যেই বারবার যিনি গণতন্ত্রকে স্বৈরাচারের বন্দিশালা থেকে মুক্ত করেছেন সেই আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশে গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার আওয়াজ তোলার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত